নিউ ইয়র্ক, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্যান্সারের চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থানরত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহদান্ত্রের ক্যান্সারে আক্রান্ত হুমায়ূন সেখানে ক্যান্সারের বিশেষায়িত চিকিৎসা প্রতিষ্ঠান মেমোরিয়াল স্লোয়ান- কেটারিং ক্যান্সার সেন্টারে চিকিৎসা নিচ্ছেন।
শেখ হাসিনা লেখকের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন এবং তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরে আসে- সেই কামনা করেন।
হুমায়ূন আহমেদের চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়ারও আশ্বাস দেন তিনি।
এ সময় লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন ও তাদের দুই সন্তানের সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদেরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় তার সঙ্গে ছিলেন।
উন্নত চিকিৎসার জন্য গত ১৩ সেপ্টেম্বর নিউ ইয়র্ক যান হুমায়ূন আহমেদ। শনিবার বাংলাদেশ সময় রাত ১০টার দিকে প্রথম পর্বের কেমোথেরাপি শেষ হয়।
চলতি মাসের শুরুর দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় বৃহদান্ত্রে ক্যান্সার ধরা পড়ে জনপ্রিয় এই লেখকের।
জাতিসংঘ সাধারণ পরিষদের অদিবেশনে যোগ দিতে ১৭ সেপ্টেম্বর নিউইয়র্ক যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২৮ সেপ্টেম্বর তার ঢাকার উদ্দেশে নিউইয়র্ক ছাড়ার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউএম/জেকে/২৩৩৭ ঘ.
bdnews24