২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় ট্রাক-টেম্পো সংঘর্ষে নিহত ১১

মাগুরায় ট্রাক ও টেম্পোর মধ্যে সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2011, 11:15 AM

Updated : 24 Aug 2022, 04:23 PM

মাগুরা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরায় ট্রাক ও টেম্পোর মধ্যে সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। রোববার বিকাল সাড়ে ৪টার দিকে মাগুরা-ঝিনাইদহ সড়কের আলমখালী সাঁইত্রিশ নামক এলাকায় ট্রাকের ধাক্কায় টেম্পো উল্টে ঘটনাস্থলে এরা নিহত হন। এ ঘটনায় আহত হন দুই জন। আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। নিহতদের মধ্যে ১০ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- মাগুরা সদর উপজেলার রাউতলা স্কুলের শরীরচর্চা শিক্ষক প্রবীর মিত্র (৩৫), লক্ষ্মীকোলের পারভীন, সুরাইয়া ও মদিনা, ভবানীপুরের সজীব (৫) ও জরিনা (৩৫), শ্রীপুর উপজেলার মাঝাইলের সুমাইয়া (১৫) এবং ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুরের মজিনা, সাহেরা ও সোহাগ। বিকেলে দুর্ঘটনার পরপর নিহতের সংখ্যা ১২ জন বলে সাংবাদিকদের জানিয়েছিলেন মহাসড়ক পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সারোয়ার হোসেন। পরে সন্ধ্যায় মাগুরা সদর থানার এসআই আজিজ হোসেন সাংবাদিকদের বলেন, "দুর্ঘটনায় নিহতের সংখ্যা ১১।" দুর্ঘটনায় নিহতদের লাশ মাগুরা সদর হাসপাতালে শনাক্তের পর তিনি এ কথা বলেন। মহাসড়ক পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সারোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, একটি যাত্রীবাহী টেম্পো আলমখালী থেকে মাগুরা সদরে আসছিলো। পথে যাত্রী নামানোর সময় পেছন থেকে একটি মালবাহী ট্রাক টেম্পোটিকে ধাক্কা দিলে দুটি যানই উল্টে পাশের খাদে পড়ে যায়। এসআই সারোয়ার দুর্ঘটনায় আহত একজন হাসপাতালে মারা গেছে বলে জানালেও পরে এসআই আজিজ জানান, হাসপাতালে কেউ মারা যায়নি। মাগুরার জেলা প্রশাসক সুশান্ত কুমার সাহা বলেন, "প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ১০ হাজার টাকা করে দেওয়া হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএইচ/আরএ/পিডি/২১৩৩ ঘ.