ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থায়ন নিয়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। শিক্ষার্থীদের বিক্ষোভের কারণ মেনে নিলেও ভাংচুরের সমালোচনা করেছেন তিনি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের প্রতিক্রিয়ায় মন্ত্রী নূরুল ইসলাম নাহিদ সচিবালয়ে সাংবাদিকদের বলেন, এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্যদের সঙ্গে কথা হয়েছে। অর্থ মন্ত্রণালয়, মঞ্জুরি কমিশনসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে এর একটি সমাধানের পথ খোঁজা হবে।
কালের সাক্ষী জগন্নাথ কলেজকে ২০০৫ সালে একটি আইনের বলে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হয়। তবে প্রতিষ্ঠার পাঁচ বছর পর থেকে এর ব্যয় অভ্যন্তরীণ উৎস থেকে সংগ্রহ করতে হবে বলে আইনের ২৭ (৪) ধারায় বলা রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের অর্থায়নের এ জটিলতার অবসান ঘটাতে হলে আইন সংশোধন করতে হবে।
আইন পরিবর্তন করা হবে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত বলা যাবে না আইন পরিবর্তন হবে কি না।
কবে নাগাদ এ সমস্যার সমাধান হবে, তা সুনির্দিষ্ট করে বলেননি তিনি।
আইন সংশোধনসহ কয়েকটি দাবিতে রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত আড়াই ঘণ্টা জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক আটকে রাখে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা কয়েকটি গাড়িও ভাংচুর করে।
শিক্ষার্থীরা বলছে, আগে তাদের সেমিস্টার ফি ৩ হাজার ৫০০ টাকা থাকলেও অভ্যন্তরীণ আয় বাড়াতে গিয়ে এখন তা ২০ হাজার টাকা করা হয়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, "শিক্ষার্থীদের দাবি উড়িয়ে দিচ্ছি না, শিক্ষা ব্যয় বাড়ছে, এজন্য শিক্ষার্থীদের উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক।"
তবে ভাংচুর করা ছাত্রদের ঠিক হয়নি বলে মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, "জনগণের সম্পদ নষ্ট করে এ ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সম্মান থাকে না।
ছাত্রদের পক্ষ হয়ে ভাংচুর হওয়া গাড়ির মালিকদের কাছে ক্ষমাও চেয়েছেন শিক্ষামন্ত্রী।
সরকারি (পাবলিক) বিশ্ববিদ্যালয়ে অভ্যন্তরীণ আয় বাড়ানোর তাগিদ দিয়ে তিনি বলেন, সব কিছু সরকারের অর্থে এগিয়ে নেওয়া সম্ভব নয়।
শিক্ষা প্রতিষ্ঠানের আয় বাড়ানোর ব্যাপারে শিক্ষার্থীদের নিজেদেরও চিন্তা-ভাবনা করা উচিত বলে মন্তব্য করেন মন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১৫৩০ ঘ.
bdnews24