২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংগ্রাম সম্পাদক জামিনে মুক্ত

রাজধানীর বিজয়নগরে জামায়াতে ইসলামী কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তারের চার দিনের মাথায় জামিনে মুক্তি পেয়েছেন দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2011, 03:25 PM

Updated : 24 Aug 2022, 04:22 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বিজয়নগরে জামায়াতে ইসলামী কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তারের চার দিনের মাথায় জামিনে মুক্তি পেয়েছেন দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদ।

শনিবার দুপুরে তাকে জামিন দেন ঢাকার মহানগর হাকিম রেজাউল করিম। এর পরপরই তাকে মুক্তি দেওয়া হয় বলে জানান তার আইনজীবী মো. আব্দুর রাজ্জাক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, এ মামলায় পুলিশের হেফাজত শেষ হওয়ার আগেই শনিবার তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর জামিন চাইলে আদালত তা মঞ্জুর করেন।

গত ১৯ সেপ্টেম্বর রাজধানীর বিজয়নগরে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গাড়ি পোড়ানোর ঘটনায় পরদিন গ্রেপ্তার করা হয় সংগ্রাম সম্পাদক আবুল আসাদকে।

ওই ঘটনায় রমনা ও পল্টন থানায় দায়ের করা চারটি মামলায় আবুল আসাদ ও জামায়তে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলামসহ ১১১ জনকে গ্রেপ্তার দেখিয়ে ১৯ দিনের রিমান্ডে নেয় পুলিশ।

ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক সংগ্রামের বিশেষ প্রতিনিধি রুহুল আমীন গাজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে জামিন পাওয়া পর সন্ধ্যায় সংগ্রাম কার্যালয়ে যান সম্পাদক আবুল আসাদ।