বাগেরহাট, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের শরণখোলা উপজেলা থেকে চারটি কুমিরের চামড়া উদ্ধার করা হয়েছে।
শুক্রবার রাতে উত্তর কদমতলা গ্রামের লতিফ মোল্লার বাড়িতে পুলিশ ও বনবিভাগ যৌথভাবে এ অভিযান চালায়।
তবে এ সময়ে কাউকে আটক করা যায়নি বলে কর্মকর্তারা জানান।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মিহির কুমার দো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সুন্দরবন থেকে শিকার করা চারটি কুমিরের চামড়া উদ্ধার করা হয়েছে।
চামড়াগুলোর দৈর্ঘ্য দুই ফুট পাঁচ ইঞ্চি থেকে তিন ফুট আট ইঞ্চি পর্যন্ত লম্বা। এগুলো সুন্দরবনের লবণ পানির কুমির বলে ধারণা করা হচ্ছে।
শরণখোলা থানার ওসি আজিজুল হক বলেন, শরণখোলা উপজেলার বিভিন্ন গ্রামের পাঁচ শিকারি সুন্দরবনের নদী-খাল থেকে এই কুমির চারটি হত্যা করে চামড়া বাইরে পাচারের চেষ্টা করেছিল।
পুলিশ ও বন বিভাগ তাদের পরিচয় পেয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানায়নি পুলিশ।
পুলিশ কর্মকর্তা বলেন, রাতেই শরণখোলা থানায় ওই পাঁচজনের নাম উল্লেখ করে বন আইনে একটি মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪২ ঘ.
bdnews24