ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইন্দিরা-মুজিব চুক্তি বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ ও ভারতের ছিটমহলের বাসিন্দারা জনমত গঠনসহ দশদিনের বিভিন্ন কর্মসূচি শুরু করেছে।
ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির আহ্বানে বাংলাদেশের অভ্যন্তরের ভারতীয় ১১১টি এবং ভারতের অভ্যন্তরের বাংলাদেশের ৫১টি ছিটমহলে এই অভিন্ন কর্মসূচি শুরু হয়।
শুক্রবার থেকে ২ অক্টোবর পর্যন্ত কর্মসূচির মধ্যে রয়েছে জনমত গঠন, গণস্বাক্ষর সংগ্রহ অভিযান, নিস্প্রদীপ সন্ধ্যা, মোমবাতি প্রজ্জ্বলন, সাইকেল মিছিল, মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কুড়িগ্রাম প্রতিনিধি জানান, দুপুর ১২টায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অভ্যন্তরে ভারতীয় ছিটমহল দাসিয়ার ছড়ার কামালপুর বাজারে ১০ দিনের কর্মসূচির উদ্বোধন করেন ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ ইউনিটের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।
কমিটির দাসিয়ার ছড়া ইউনিট সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মোজাফ্ফর হোসেন, মইনুল হক, এসাহক মন্ডল প্রমুখ।
সমাবেশ শুরুর আগে ছিটমহলবাসীরা বিক্ষোভ মিছিল করে। এরপর শুরু হয় গণস্বাক্ষর সংগ্রহ।
ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি নেতা গোলাম মোস্তফা জানান, দাবি বাস্তবায়নে ১০ দিনব্যাপী নতুন কর্মসুচির প্রথমদিন আনুষ্ঠানিকভাবে জনমত গঠন অভিযান শুরু করলাম। আশা করছি ১০ দিনের এ কর্মসূচির মধ্যেই ইন্দিরা-মুজিব চুক্তির সফল বাস্তবায়নের সুনির্দিষ্ট ঘোষণা দেবে দু'দেশের সরকার।
এ দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
একইভাবে ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ৫১টি ছিটমহল এবং ছিটমহলের আশপাশের ভারতীয় অংশেও কর্মসূচি চলছে বলে তিনি জানান।
ছিটমহল দাশিয়ার ছড়া ইউনিটের সভাপতি আলতাফ হোসেন জানান, ১৯৭৪ সালের ইন্দিরা-মুজিব চুক্তি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ১০ দিনের কর্মসূচি চলাকালে কোনো সিদ্ধান্ত না হলে পরবর্তীতে ৩০ দিনের আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।
ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ ইউনিটের সহ-সভাপতি মইনুল হক বলেন, "আমার ইউনিয়ন সংলগ্ন কালীরহাট দাসিয়ার ছড়া ছিটমহলের মানুষ দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছে। তারা কোন দেশের নাগরিক সুযোগ-সুবিধা পায় না। আমরা এই আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছি।
পঞ্চগড় প্রতিনিধি জানান, একই কর্মসূচির আওতায় আন্দোলনের নেতারা এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জনমত গঠনের কাজ করেন। তারা বাড়ি, হাট-বাজারসহ বিভিন্ন স্থানে বৈঠক করেন।
এ প্রসঙ্গে বোদা উপজেলার পুটিমারি ছিটমহল শাখা সমন্বয় কমিটির নেতা আবু জাকের বলেন, ছিটমহলের প্রায় সব গ্রামেই আমরা জনমত গঠনের কাজ করেছি। এখানে বিক্ষোভ মিছিলও অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট প্রতিনিধি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দহগ্রাম-আঙ্গরপোতা ও তিনবিঘা করিডোর পরিদর্শনকে সামনে রেখে শুক্রবার ওই এলাকায় মতবিনিময় করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন।
আগামী ৮ অক্টোবর প্রধানমন্ত্রী ২৪ ঘণ্টা যাতায়াতের জন্য তিনবিঘা কড়িডোর গেট, বিদ্যুৎ সঞ্চালন লাইন, নবনির্মিত দহগ্রাম ইউনিয়ন পরিষদ ভবন, টেলিটকের নেটওয়ার্ক ও ১০ শয্যাবিশিষ্ট হাসপাতালের ইনডোর বিভাগ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।
এরপর তিনি পাটগ্রাম সরকারি কলেজ মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।
দহগ্রাম ইউনিয়ন পরিষদে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়কালে মোতাহার হোসেন বলেন, প্রধানমন্ত্রী দহগ্রাম সফরে এসে সর্বস্তরের মানুষের দুঃখ-দুর্দশার কথা শুনবেন।
মতবিনিময় সভা বিকাল ৫টায় শুরু হয়ে সন্ধ্যা পৌনে ৭টায় শেষ হয়। এরপর তিনি একটি নতুন অ্যাম্বুলেন্স উদ্ভোধন করেন।
মতবিনিময়কালে আরো উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি সচিব আবুল কালাম আজাদ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান এসএম আলমগীর কবীর, লালমনিরহাট জেলা প্রশাসক মোখলেছার রহমান সরকার, রংপুর বিভাগীয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১৯ ঘ.
bdnews24