ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের আগের দিন বিকেলে যানবাহনে অগ্নিসংযোগের আশঙ্কায় পরিবহন সংকটে ব্যাপক ভোগান্তিতে পড়ে রাজধানীবাসী।
এমনিতে রাত ১০টা পর্যন্ত চললেও বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) বুধবার বিকেল ৪টা থেকেই একটি রুটের বাস চলাচল বন্ধ করে দেয়। কমিয়ে দেওয়া হয় অন্য রুটের বাসের সংখ্যাও।
জ্বালানি তেল ও সিএনজির দাম বাড়ানোর প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যা এই হরতাল ডেকেছে বিএনপিসহ তাদের জোটসঙ্গীরা।
আগের হরতালগুলোর কথা মাথায় রেখে অগ্নিসংযোগের আশঙ্কায় বুধবার বিকেলে বিআরটিসির পাশাপাশি বেসরকারি খাতের বাস চলাচলও কমে যায়। ফলে বিকেল ৪টার পর থেকেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বাসের জন্য দীর্ঘসময় অপেক্ষা করতে দেখা যায় যাত্রীদের।
রাজধানীর মোহাম্মদপুর, আসাদগেট, ফার্মগেট, শাহবাগ, পল্টন, গুলিস্থান, মতিঝিল, যাত্রাবাড়ী, মগবাজার, মালিবাগ, বাংলা মোটর, আগারগাঁও, মিরপুর, উত্তরা এলাকায় বিভিন্ন বাস স্টপেজে বিপুল সংখ্যক ঘরমুখো মানুষ উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছিলেন যানবাহনের জন্য। কিছুক্ষণ পরপর দু'একটি বাস আসলেও তাতে ভিড়ের কারণে অনেকেই তাতে উঠতে পারছিলেন না। বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে সিএনজি অটোরিকশায় যাওয়ার চেষ্টা করেন কেউ কেউ।
ফার্মগেট এলাকা থেকে পিকআপ ভ্যানে গাদাগাদি করেও বাড়ি ফিরতে দেখা গেছে অনেককে।
বাস কমানোর কারণ জানতে চাইলে বিআরটিসির ডিজিএম (অপারেশন) মেজর কাজী শহীদউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "টেকনিক্যাল কারণে হরতালের আগের দিন বিআরটিসির বাসের সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে।"
মোহাম্মদপুর-বাড্ডা রুটের বাস বিকেল ৪টা থেকেই কেন বন্ধ করে দেওয়া- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, "বিশেষ কারণে বন্ধ করা হয়েছে। তবে বৃহস্পতিবার হরতাল হলেও বিআরটিসির বাস চলবে।"
বেসরকারি ব্যাংক কর্মকর্তা আব্দুল করিম মহাখালী যাওয়ার জন্য মোহাম্মদপুরের বিআরটিসির বাস ডিপোতে বিকেল ৪টার দিকে পৌঁছে জানতে পারেন এই রুটের বাস চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হরতালের ভয়ে বেসরকারি বাস কমিয়ে দেওয়া হয়। কিন্তু বিআরটিসির বাস বন্ধ করে দেওয়ার ঘটনা এই প্রথম দেখলাম।"
বাস বন্ধ থাকায় দেড়শ টাকায় একটি অটোরিকশা ভাড়া করে মহাখালীর উদ্দেশ্যে রওয়ান হন তিনি।
মতিঝিল শাপলা চত্বর এলাকায় দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয় ছাত্র কামরুল হাসান বলেন, মিরপুর যাওয়ার জন্য দেড় ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি, বাস পাচ্ছি না।
মিরপুর রুটের একটি বাসের চালক সোবহান আলী বলেন, হরতালের আগের দিন গাড়িতে আগুন দেওয়ার একটা প্রবণতা দেখা যায়। এ কারণে মালিকরা রাস্তায় বাসের সংখ্যা কমিয়ে দেন।
অ্যাসোসিয়েশন অব বাস কোম্পানিজের সভাপতি খন্দকার রফিকুল ইসলাম কাজল এ বিষয়ে বলেন, "হরতালে এমন আশঙ্কা তো থাকেই। এ বিষয়ে অ্যাসোসিয়েশনে কোনো সিদ্ধান্ত না হলেও অনেকেই ভয়ের কারণে রাস্তায় গাড়ি বের করেন না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/জেকে/২০০৭ ঘ.
bdnews24