২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন করে কোনো প্রাথমিক বিদ্যালয় সরকারি হচ্ছে না

রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণে সরকারের কোনো পরিকল্পনা এখন নেই বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2011, 01:41 PM

Updated : 24 Aug 2022, 04:03 PM

ুঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণে সরকারের কোনো পরিকল্পনা এখন নেই বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন। বুধবার মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২০১১-১২ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপনকালে তিনি একথা জানান। বর্তমানে সারাদেশ ২৪ হাজারের মতো বেসরকারি প্রাথমিক রেজিস্ট্রার্ড বিদ্যালয় রয়েছে। আওয়ামী লীগের সংসদ সদস্য মহীউদ্দীন খান আলমগীরসহ সরকারদলীয় সংসদ সদস্যরা বিভিন্ন সভা-সেমিনারে বলে আসছিলেন, সরকার শিগগিরই রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণ করবে। সংবাদ সম্মেলনে আফছারুল দাবি করেন, প্রাথমিক পর্যায়ের ২১ শতাংশ শিক্ষার্থী ঝরে পড়ছে; যদিও বিভিন্ন এনজিও'র জরিপে প্রাথমিক স্তরে ৪০ শতাংশের বেশি শিক্ষার্থী ঝরে পড়ার কথা বলা হচ্ছে। মন্ত্রী বলেন, শিক্ষার্থী ঝরে পড়া রোধে প্রতি বছর ৭৮ লাখ শিক্ষার্থীকে ৮৭৯ কোটি ৯৯ লাখ টাকা উপবৃত্তি দেওয়া হচ্ছে। এছাড়া স্কুল ফিডিং কর্মসূচির আওতায় ৯৬টি উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দৈনিক ৭৫ গ্রাম বিস্কুট দেওয়া হচ্ছে। মন্ত্রণালয়ের সচিব এ এক এম আবদুল আউয়াল মজুমদার জানান, বিদ্যালয়বিহীন এলাকায় দেড় হাজারের বেশি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ৭০০টির নির্মাণ কাজ চলতি অর্থ বছরেই শুরু হবে। বাকি ৮৮৪টি বিদ্যালয় নির্মাণের দরপত্রও শিগগিই আহ্বান করা হবে। ২ হাজারের বেশি জনসংখ্যা অধ্যুষিত এবং ২ কিলোমিটারের মধ্যে অন্য বিদ্যালয় নেই এমন বিদ্যালয়বিহীন গ্রাম চিহ্নিত করে প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করছে সরকার। এ দেড় হাজার বিদ্যালয় স্থাপনের আগেই ওই বিদ্যালয়গুলোর জন্য সাড়ে ৭ হাজার শিক্ষকের পদ সৃষ্টি করা হবে বলে জানান সচিব। নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়ার জন্য ৩ হাজার কোটি টাকা থোক বরাদ্দ রয়েছে বলে জানান মন্ত্রী। সরকারের এ কার্যক্রমে ছাত্রলীগ নেতাকর্মীদের সম্পৃক্ত করার হচ্ছে না বলেও জানান তিনি। দেশে সাক্ষরতার হার ৫৮ শতাংশ বলে আবারো দাবি করেছেন মন্ত্রী। তবে কোন জরিপের তথ্যের ভিত্তিতে এ তথ্য দেওয়া হলো, সে বিষয়ে তিনি কিছু বলেননি। শিক্ষক সঙ্কট কাটিয়ে প্রাথমিক শিক্ষাদান অব্যাহত রাখতে প্রাথমিক শিক্ষক পুল গঠনের আবেদন অর্থ মন্ত্রণালয়ে রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, শিগগিরই শিক্ষক পুল চালু করা হবে। এ পুলের আওতায় সারাদেশে ২০ হাজার খণ্ডকালীন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। প্রতি উপজেলায় ৪০ জন করে ৫০৩ উপজেলায় এ শিক্ষক নিয়োগ দেওয়া হবে। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিও এ মাসেই দেওয়া হবে বলে জানান সচিব। বার্ষিক প্রতিবেদনে বলা হয়, ৬ থেকে ১০ বছরের উর্ধ্বে বিদ্যালয় গমনোপযোগী ৯৯ দশমিক ৪৭ শতাংশ শিশুকে বিদ্যালয়ে ভর্তি করা হয়েছে। গত ৩২ মাসে প্রাথমিক বিদ্যালয়ে ৫৭ হাজার ৭৩০ সহকারী শিক্ষক, এক হাজার ৮৫২ জন প্রধান শিক্ষক, ৫৬০ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা ও ৪২ জন উপজেলা শিক্ষা কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া ২ হাজার ৭০৪টি কমিউনিটি বিদ্যালয়কে রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয়ে রূপান্তর করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে। সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষও উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/১৯৩০ ঘ.