গাইবান্ধা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক উপাধ্যক্ষের মুক্তির দাবিতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধর্মপুর বাজারে বুধবার অর্ধদিবস হরতাল পালিত হয়েছে।
পুলিশ জানায়, এলাকাবাসী ও কলেজের শিক্ষার্থীরা ধর্মপুর ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মাহবুবুর রহমানের মুক্তির দাবিতে এ হরতালের ডাক দেয়।
একটি ধর্ষণ ও হত্যা মামলায় গত ১৫ সেপ্টেম্বর থেকে তিনি কারাগারে আটক আছেন।
সুন্দরগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, সকাল ৬টা থেকে বেলা ১টা পর্যন্ত হরতাল চলাকালে ধর্মপুর বাজারে সব দোকানপাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, ব্যাংকসহ বিভিন্ন অফিস বন্ধ ছিল।
পিকেটাররা রংপুর-সুন্দরগঞ্জ-গাইবান্ধা সড়ক অবরোধ করায় উপজেলার বেলকা, সীচা, শোভাগঞ্জ ও পাঁচপীরের সঙ্গে গাইবান্ধার সড়ক যোগাযোগ বন্ধ ছিলো।
তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানান পুলিশ কর্মকর্তা।
হরতাল শেষে কলেজ চত্বরে এক সমাবেশে বক্তব্য দেন এলাকার নুরুল ইসলাম, কালাম মিয়া, কলেজ ছাত্র জাহিদ হোসেন, আরিফ মিয়া, সুমন অহম্মেদ, এরশাদুল ইসলাম প্রমুখ।
বক্তারা উপাধ্যক্ষ মাহবুবুর রহমানকে মুক্তি দিয়ে ফেন্সি হত্যায় জড়িত প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
গত ৪ সেপ্টেম্বর ধর্মপুর বাজার থেকে ফেন্সি খাতুন (৮) নামে এক শিশু নিখোঁজ হয়। ৮ সেপ্টেম্বর শিশুটির মৃতদেহ আব্দুল জব্বার ডিগ্রি কলেজের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয়। এই ঘটনায় উপাধ্যক্ষকে সন্দেহমূলকভাবে গত ১৫ সেপ্টেম্বর আটক করে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৬৫৫ ঘ.
bdnews24