চট্টগ্রাম, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর বায়েজিদ থানা এলাকা থেকে ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার প্রথম প্রহরে এলাকার রুবি গেট থেকে চার জনকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। তাদের কাছ থেকে দুটি দেশীয় তৈরি এলজি, তিনটি সবুজ রঙের কার্তুজ, চারটি লাল রঙের কার্তুজ উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আবুল কালাম (২৮), মো. বেলাল (২৬), মো. আব্দুল কাদের (৩০) এবং আশিকুর রহমান (৩০)।
বুধবার দুপুরে চার জনকে নগর পুলিশের (সিএমপি) কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।
এ সময় বায়েজিদ থানার ওসি এ কে এম মহিউদ্দিন সাংবাদিকদের জানান, মঙ্গলবার রাতে ডাকাতির উদ্দেশে তারা একত্রিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে রুবি গেট এলাকায় একটি চেকপোস্ট বসানো হয়।
"চেকপোস্টে ডাকাতদের বহনকারী সিএনজি অটোরিকশাটিকে থামার সংকেত দিলে তা দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে অটোরিকশাটি ধাওয়া করে ওয়ালি টেক্সটাইল লিমিটেডের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।"
ওসি জানান, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে নগরীর কর্ণফুলী থানা ও আনোয়ারা থানায় একাধিক মামলা রয়েছে।
সিএনজি অটোরিকশাটিও আটক করেছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/আরএ/১৪৫২ ঘ.
bdnews24