ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ অগাস্টের গ্রেনেড হামলার দুই মামলায় তারেক রহমানসহ নতুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন আবার পিছিয়েছে। নতুন তারিখ ঠিক হয়েছে আগামী ২৭ সেপ্টেম্বর।
আসামি পক্ষের সময়ের আবেদনে বুধবার ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন অভিযোগ গঠনের শুনানি পেছানোর এ আদেশ দেন।
আসামি পক্ষের আইনজীবীরা আদালতে বলেন, তারা অভিযোগপত্রের সত্যায়িত অনুলিপি পাননি। ফলে তাদের আরো সময় প্রয়োজন।
এ নিয়ে একই কারণে অভিযোগ গঠনের শুনানি দ্বিতীয়বার পেছালো।
মামলার গ্রেপ্তার আসামিদের মধ্যে আলী আহসান মো. মুজাহিদ, লুৎফুজ্জামান বাবরসহ কারাগারে থাকা সবাইকে এদিন আদালতে আনা হয়। তাদের কয়েকজন সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণে আদালতের আদেশ চেয়ে আবেদন করেন। আদালত তার শুনানিও ২৭ সেপ্টেম্বর হবে বলে জানায়।
২১ অগাস্টের মামলা জজ আদালতে থাকলেও সরকার স¤প্রতি তা দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠায়। এর আগেও দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি ছিলো। তবে নির্দিষ্ট সময়ে বিচার শেষ না হওয়ায় মামলা দুটি জজ আদালতে ফেরত গিয়েছিলো।
তারেক, হারিছ চৌধুরী, মোফাজ্জল হোসেন কায়কোবাদসহ মামলার ১২ আসামি পলাতক রয়েছেন।
২০০৪ সালের ২১ অগাস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার এ মামলার সম্পূরক অভিযোগপত্রে ৩০ জনের নাম যুক্ত করে সিআইডি। এ নিয়ে মোট আসামির সংখ্যা দাঁড়ায় ৫২।
ওই গ্রেনেড হামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী আইভী রহমানসহ ২৪ জন নিহত এবং কয়েকশ লোক আহত হন। এতে শেখ হাসিনার শ্রবণ ইন্দ্রিয়ও ক্ষতিগ্রস্ত হয়।
ওই ঘটনায় দায়ের করা দুটি মামলা ২০০৮ সালের ৪ সেপ্টেম্বর একই ট্রাইব্যুনালে বিচারের জন্য নেওয়া হয়েছিলো।
দুটি মামলায় রাষ্ট্রপক্ষে ৬১ জনের সাক্ষ্য নেওয়ার পর গত বছরের ৩ অগাস্ট দুই মাসের মধ্যে অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছিলেন ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের তৎকালীন বিচারক মো. মাসদার হোসেন।
তবে অধিকতর তদন্ত শেষ হওয়ার আগেই জজ আদালতে ফেরত গিয়েছিলো মামলা দুটি।
তারেকের হয়ে মামলা চালানোর আবেদন
এ মামলায় পলাতক আসামি খালেদা জিয়ার ছেলে তারেকের পক্ষে রাষ্ট্র নিযুক্ত কৌঁসুলি (স্টেট ডিফেন্স) হিসেবে কাজ করার অনুমতি চেয়ে বুধবার আদালতে আবেদন করেন ঢাকা বারের সাবেক সভাপতি আব্দুর রেজাক খান।
তার এ আবেদনের বিরোধিতা করে এ মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান বলেন, "অভিযোগ গঠনের শুনানির এ পর্যায়ে এ নিয়োগ দেওয়ার সুযোগ নেই। স্টেট ডিফেন্স লইয়ার আসতে পারে অভিযোগ গঠনের পর মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হলে।"
"তাছাড়া রাষ্ট্র যদি আসামিকে আইনজীবী দিতে চায়, তাহলে সে সিদ্ধান্ত রাষ্ট্রই নিয়ে আদালতকে জানাবে। ব্যক্তিগতভাবে কারো আবেদন জানানোর প্রয়োজন নেই," বলেন তিনি।
পলাতক আসামিদের ক্ষেত্রে রাষ্ট্র নিযুক্ত আইনজীবীদের ব্যয়ভার রাষ্ট্রই বহন করে।
আদালতের বিচারক উভয় পক্ষের বক্তব্য শোনার পর সিদ্ধান্ত পরবর্তী তারিখে দেবেন বলে জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১২৪৩ ঘ.
bdnews24