মাগুরা/চাঁদপুর, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরা ও চাঁদপুরে পানিতে ডুবে তিন স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকালে মাগুরার মহম্মদপুরে এক ছাত্র এবং দুপুরে চাঁদপুর শহরে পানিতে ডুবে দুই ছাত্রের মৃত্যু হয়েছে।
মাগুরা প্রতিনিধি জানান, সকালে মহম্মদপুর উপজেলার ব্যাপারিপাড়া এলাকায় পুকুরে ডুবে আবু তালহা জুবায়ের সাগর (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সাগর মহম্মদপুর আরএসকেএইচ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র ছিলো।
স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হাবিবর রহমান জানান, সকাল ৮টার দিকে সাগর বাড়ির পাশে একটি পুকুরে খালি কনটেইনার নিয়ে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হয়। পরে এলাকাবাসী পুকুর থেকে তার লাশ উদ্ধার করে।
চাঁদপুর প্রতিনিধি জানান, শহরের জোড়পুকুর পাড় এলাকায় পুকুরে গোসল করতে গিয়ে শিবলি খান (১২) ও লাবিব (১৩) নামে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এরা শহরের উদয়ন স্কুলের ছাত্র।
এলাকার বাসিন্দা জনি ও ইকরাম জানান, স্কুল ছুটি শেষে এলাকার পুকুরে তিন স্কুলছাত্র গোসল করতে নামে। এদের মধ্যে দুইজন এক পর্যায়ে নিখোঁজ হয়।
পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসক দুই ছাত্রকে মৃত ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৪৪৩ ঘ.
bdnews24