ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ, কুড়িগ্রাম, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, বরিশাল ও সাতক্ষীরায় মিছিল থেকে জামায়াতে ইসলামীর ২১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
যুদ্ধাপারাধীদের বিচারে গঠিত বিশেষ ট্রাইবুনাল বাতিল এবং আটক নেতাদের মুক্তি দাবিতে দলটি সোমবার ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ মিছিলের ডাক দেয়। ওই মিছিল থেকেই ২১ জনকে গ্রেপ্তার করা হয়।
ঝিনাইদহ সদর উপজেলা থেকে নয় জন, কুড়িগ্রামের রাজিবপুর ও বরিশালে তিন জন করে, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ ও সাতক্ষীরায় দুই জন করে গ্রেপ্তার হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর-
ঝিনাইদহ : দুপুর ২টার দিকে জামায়াত শহরের জামে মসজিদের সামনে থেকে মিছিল বের করে। মিছিল পায়রা চত্ত্বরে পৌঁছলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ লাঠিপেটা করলে মিছিলটি পণ্ড হয়ে যায়।
সেখান থেকে নয় জনকে গ্রেপ্তার করা হয় বলে ঝিনাইদহ সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- হাসানুজ্জামান, আব্দুল¬াহ, সাইফুল¬াহ, আবুল হাসান, জাকির হোসেন, আব্দুস সালাম, আইয়ুব হোসেন, আসাদুল ইসলাম ও রাসেল।
কুড়িগ্রাম : দুপুরে জামায়াতের মিছিলটি রাজিবপুর উপজেলার সবুজবাগ দাখিল মাদ্রাসা থেকে বের হয়ে বাজারে এলে পুলিশ ধাওয়া করে। এতে মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়।
ওই সময় তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয় বলে রাজিবপুর থানার ওসি আব্দুল জলিল জানিয়েছেন।
মিছিল থেকে জামায়াতের রোকন জাহাঙ্গীর আলম এবং কর্মী শাহাবুদ্দিন, আব্দুল কাদের মোল¬াকে গ্রেপ্তার করা হয়েছে।
জয়পুরহাট : মিছিল শেষ করে বাড়ি ফেরার পথে কালাইয়ের পাঁচশিরা বাজার এলাকা থেকে দুই জামায়াতকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার পূর্ব দূর্গাপুর গ্রামের ফজলে রব (৫৪) ও কালাই গোপীনাথপুর গ্রামের আব্দুর রউফ (৪৮)।
কালাই থানার ওসি ফজলুল করিম জানান, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ : শহরের বড় ইন্দারা মোড় থেকে জামায়াতে ইসলামী মিছিল বের করলে পুলিশের ধাওয়ায় তা ভেস্তে যায়। এসময় পুলিশ সংগঠনের দুই কর্মীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে- জেলা শিবিরের সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন ও শহীদুল ইসলাম।
চাঁপাইনবাবগঞ্জ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শাকিলুজ্জামান বলেন, মিছিলকারীরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বাধ্য হয়ে দুজনকে গ্রেপ্তার করে।
বরিশাল : বিকালে নগরীর ফজলুল হক এভিনিউ'র টিএন্ডটির সামনে থেকে জামায়াতে ইসলামীর একটি মিছিলটি বের হয়ে চক বাজার পৌঁছলে পুলিশ লাঠিপেটা করে।
চক বাজার এলাকা থেকে দৈনিক সংগ্রামের ব্যুরো প্রধান মো. শাহে আলম, জামায়াত কর্মী খলিলুর রহমান ও মো. নুরু হককে আটক করা হয়।
কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) মতিয়ার রহমান বলেন, অনুমতি না নিয়ে মিছিল করায় তাদের আটক করা হয়েছে।
সাতক্ষীরা : সন্ধ্যা ৬টার দিকে জেলা শহরের ইটাগাছা মোড় থেকে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। পুলিশ বাধা দিলেও তারা মিছিল নিয়ে এগিয়ে যায়।
এ সময় পুলিশ মিছিলে লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। মিছিল থেকে দুইজনকে আটক করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ওসি শাহজাহান আলী খান জানান, পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল করায় মাসুদ হোসেন ও হাসানুজ্জামানকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/ডিডি/২২৫৭ ঘ.
bdnews24