ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'কিডনি ব্যবসা' তদন্তে উচ্চ ক্ষমতার জাতীয় একটি কমিটি করতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
একটি রিট আবেদনে সোমবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার এ নির্দেশ দেয়।
কমিটি গঠন করতে বলা হয়েছে স্বাস্থ্য সচিবকে। পাশাপাশি কমিটি গঠনের পরবর্তী ১৫ দিনের মধ্যে কিডনি ব্যবসা নিয়ে হাইকোর্টে একটি প্রতিবেদন দিতেও বলা হয়েছে।
একইসঙ্গে কিডনি ব্যবসার সঙ্গে জড়িত চিকিৎসকদের পেশাগত লাইসেন্স বাতিলে ব্যবস্থা নিতে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলকে (বিএমডিসি) নির্দেশ দেওয়া হয়েছে।
পাশাপাশি নাগরিকের জীবন রক্ষার মৌলিক অধিকার নিশ্চিতে সরকারের ব্যর্থতা কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছে হাইকোর্ট।
আগামী দুই সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, জয়পুরহাটের এসপি, একই জেলার কালাই থানার ওসি এবং বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলকে এ রুলের জবাব দিতে হবে।
আদালত একইসঙ্গে 'মানবদেহে অঙ্গ প্রতঙ্গ সংযোজন আইন-১৯৯৯' এর যথাযথ বাস্তবায়নে বিবাদিদের নির্দেশ দিয়েছে।
এই আইনে বলা হয়েছে, নিকটাত্মীয় ছাড়া অন্য কাউকে কিডনি বা অঙ্গ প্রতঙ্গ দেওয়া যাবে না। এই আইন লঙ্ঘনকারী চিকিৎসকসহ সংশ্লিষ্টদের সর্বনিম্ন তিন বছর থেকে সর্বোচ্চ সাত বছর কারাদণ্ডের বিধান রয়েছে।
স¤প্রতি জয়পুরহাটের কালাউ উপজেলায় একটি অসাধু চক্রের সন্ধান পাওয়া যায় যারা বিভিন্ন প্রলোভন দেখিয়ে অভাবি মানুষকে কিডনি বিক্রি করতে প্ররোচিত করে আসছিলো। এ চক্রের কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে।
ওই ঘটনা নিয়ে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার পক্ষে এর নির্বাহী পরিচালক আবুল বাশার সোমবার সকালে রিট আবেদনটি দায়ের করেন।
আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সিগমা হুদা, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তাদের সহযোগিতা করেন অ্যাডভোকেট এস এম জাফর সাদিক।
কাজল সাংবাদিকদের বলেন, "সংবিধান মানুষকে বেঁচে থাকার মৌলিক অধিকার দিয়েছে। কিডনি ব্যবসার ফলে সেই অধিকার লঙ্ঘিত হয়েছে। জয়পুরহাটে কালাই উপজেলার কিছু মানুষের দারিদ্র্যের সুযোগ নিয়ে কিছু মানুষের কিডনি অন্য মানুষের দেহে সংযোজন করা হয়েছে।
"শুধু বাংলাদেশ নয়, বরং ভারত, থাইল্যান্ড ও সিঙ্গাপুর নিয়ে ২০০ ব্যক্তির কিডনি সংযোজন করা হয়েছে," বলেন কাজল।
কালাই উপজেলায় স্থানীয় প্রশাসন একটি তদন্ত কমিটি করেছে।
কাজল বলেন, শুধু কালাই নয় সুনামগঞ্জ, রংপুর, বগুড়া জেলার অনেক মানুষও এ ধরনের প্রতারণার শিকার হয়েছেন বলে তাদের কাছে তথ্য আসায় তারা জাতীয় পর্যায়ে কমিটি করার নির্দেশ চেয়ে আবেদন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৪২৯ ঘ.
bdnews24