ঢাকা বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত চুক্তির শর্ত অমান্য করে না বলে দাবি করেছেন বাংলাদেশে দেশটির সাবেক হাইকমিশনার বীণা সিক্রি।
রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের বলেন, "ভারত কোনো চুক্তি করলে তার শর্ত অমান্য করে না। শুষ্ক মৌসুমে গঙ্গার পানি বণ্টন তার উজ্জ্বল দৃষ্টান্ত।"
সিনেট ভবনে আয়োজিত 'বিশ্বায়নের যুগে বাংলাদেশ-ভারত সম্পর্ক' শীর্ষক দু'দিনব্যাপী সম্মেলনের শেষদিন ছিল রোববার।
ভারতের প্রধানমন্ত্রী মনমোহনের সিংয়ের বাংলাদেশ সফর পরবর্তী অবস্থা ও করণীয় বিষয়ে সেন্টার ফর অল্টারনেটিভস, ঢাকা এবং জামিয়া মিল্লিয়া ইসলাময়িা, নয়াদিল্লী যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।
তিস্তা চুক্তি সম্পর্কে বীণা সিক্রি বলেন, "পানি সঙ্কটের কারণে মমতা যদি তিস্তা চুক্তিতে অনীহা প্রকাশ করেন আর সেজন্য যদি তিস্তা চুক্তি না হয়ে থাকে, তবে আমি মনে করি তাও ভাল। কিন্তু চুক্তি হওয়ার পর চুক্তি অনুযায়ী পানি না দিতে পারলে তা হতো খুবই অস্বস্তিকর।"
তিনি বলেন, একাত্তরে দু'দেশের মধ্যে সুসম্পর্ক ছিল। মনমোহনের সফরের ফলে সেটা আবার এসেছে। দুই দেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক বাড়িয়ে বিদ্যমান সমস্যার সমাধান সম্ভব।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভারতের সাবেক বিএসএফ প্রধান ইএন রামমোহন, ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১১৬ ঘ.
bdnews24