২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে জমি নিয়ে বিরোধে যুবক খুন

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে এক জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2011, 11:25 AM

Updated : 24 Aug 2022, 04:01 PM

সিলেট, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের গোয়াইনঘাট উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে এক জন। রোববার দুপুরে উপজেলার ফতেহপুর ইউনিয়নের রাতারগুল গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত গোলাম হাফিজ রিপন (৩০) রাতারগুল গ্রামের গোলাম রহমান ওরফে আবদুর রহমানের ছেলে। সংঘর্ষে আহত রিপনের ভাই রিমনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। গোয়াইনঘাট থানার ওসি ইউনুস মিয়া জানান, রিপনের বাবার সঙ্গে একই গ্রামের আবদুন নূরের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। বিরোধ নিষ্পত্তির জন্য রোববার সকালে জমি জরিপের জন্য সার্ভেয়ার নিয়ে আসা হয়। জরিপ চলাকালে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এসময় প্রতিপক্ষের লোকজনের ছুরিকাঘাতে রিপন ঘটনাস্থলেই মারা যায়। সিলেট সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) বীনা রাণী দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনায় জড়িত সন্দেহে আবদুন নূরকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৭১৯ ঘ.