ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একনেকে অনুমোদন হওয়া স্বাস্থ্য জনসংখ্যা ও পুষ্ঠি উন্নয়ন বিষয়ক খসড়া পঞ্চবার্ষিক পরিকল্পনা পুনর্বিবেচনার সরকারকে তাগিদ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
পরিকল্পনায় দেশ নয়, 'দাতাদের' স্বার্থকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে বিশেষজ্ঞরা শনিবার এক গোলটেবিলে দাবি করেছেন।
এইচপিএনএসডিপি নামের ওই পরিকল্পনায় অর্থায়ন করবে বিশ্ব ব্যাংক, ইউএসএআইডি, জাইকা, সিডা, গিজ, অসএআইডি।
পরিকল্পনাটি গত ২৩ অগাস্ট জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদন হয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বাজেট বিশ্লেষক মুহাম্মদ আব্দুস সবুর বলেন, "এটি গত জুলাইয়ে শুরু হয়েছে, তবে শুধু কাগজে কলমে। পরিচালন পরিকল্পনা এখনো চূড়ান্ত হয়নি।"
ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পুওর (ডিওআরপি) আয়োজিত গোলটেবিলে এ কথা বলেন তিনি।
গোলটেবিলে বক্তারা ওই পরিকল্পনা প্রয়োগে 'অদক্ষতা ও দেরির' জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমালোচনা করেন।
২০০৯ সালের ৩১ অগাস্ট একটি কমিটি গঠনের মাধ্যমে এইচপিএনএসডিপি তৈরির কাজ শুরু করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
সবুর বলেন, "এটা তৈরি করতেই দুবছর সময় নিয়েছে।"
কার্যক্রম শুরু করতে মন্ত্রণালয় চার মাস সময় 'নষ্ট' করবে উল্লেখ করে তিনি বলেন, "২০১৬ সালের শেষে একটা বড় অংকের অর্থ অব্যবহৃত থেকে যাবে।"
"দাতাদের স্বার্থকে গুরুত্ব দিয়ে মন্ত্রণালয় ৩২টি পরিচালন পরিকল্পনার খসড়া করেছিলো," উল্লেখ করে একে সরকারের 'ব্যর্থতা' হিসেবে অভিহিত করেন তিনি।
"৫৭ কোটি টাকার ৭৬ শতাংশ দেবে সরকার, অথচ সরকার শুনছে দাতাদের কথা।"
অবকাঠামো উন্নয়ন খাতে সর্বোচ্চ (২২ শতাংশ) ব্যয় ধরা হয়েছে বলে জানান তিনি।
ড. সবুর বলেন, "প্রচুর ভবন আছে কিন্তু সেগুলোতে কাজ করার মানুষ নেই। ভবনগুলো চালু করারও আগ্রহ নেই কারো।"
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আব্দুল কাইয়ুম বলেন, "পরিচালন পরিকল্পনা চূড়ান্ত করার আগে বিষয়গুলো আমাদের ঠিক করা উচিত।"
অসুখের ধরন এবং সম্পর্দের উৎসনির্ভর পরিকল্পনার পক্ষে মত দেন তিনি।
স্বাস্ব্যসেবা খাতের সাবেক মহাপরিচালক ড. আব্দুর রহমান খানও দাতাদের প্রভাব কমাতে সরকারের প্রতি অনুরোধ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/পিডি/০১১৫ ঘ.
bdnews24