ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণতন্ত্র দিবসে যে অনুষ্ঠানে স্পিকার অন্যের মতকে গুরুত্ব দিতে বললেন সে অনুষ্ঠানেই বিতর্কে জড়ালেন উপস্থিত সাংসদরা।
বৃহস্পতিবার আর্ন্তজাতিক গণতন্ত্র দিবস উপলক্ষ্যে এক গোলটেবিলে জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ বলেন, রাজনীতিতে জাতীয় স্বার্থে একে অন্যের মতকে গুরুত্ব দিতে হবে।
তিনি গণতন্ত্রকে সৃদৃঢ় করতে রাজনৈতিক দলগুলোকে সমাঝোতার আহবান জানান।
একই বৈঠকে উপস্থিত সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা আলোচনা করতে গিয়ে জড়িয়ে পড়েন বিতর্কে।
পরস্পরের প্রতি দোষারোপ সাংসদদের
স্পিকার তার লিখিত বক্তব্য পাঠের পর জরুরি প্রয়োজনে অনুষ্ঠান ছেড়ে যাওয়ার পর ফ্লোর নিয়ে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা আক্রমণাত্মক বক্তব্য রাখেন।
মুক্ত আলোচনার শুরুতে মূল প্রবন্ধ পাঠ করতে গিয়ে হুইপ আ স ম ফিরোজ জানান, সংসদীয় গণতন্ত্র প্রাতিষ্ঠানিকীকরণে প্রয়োজন সরকারি ও বিরোধী দলের সম্মিলিত রাজনৈতিক সদিচ্ছা ও দায়িত্বশীল ভূমিকা।
নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী বিরোধী দল সংসদ বর্জন না করে অবিলম্বে সংসদে যোগদান করে গণতন্ত্র প্রাতিষ্ঠানিকীকরণে ইতিবাচক ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এরপর হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি বিরোধী দলের প্রতি ইঙ্গিত করে বলেন, "সংসদ থেকে নিয়মিত বেতন নিতে হলে এবং লাল পাসপোর্ট ধারণ করতে হলে সংসদ সদস্যদের অবশ্যই সংসদে আসা উচিত।"
হুইপ সাগুফতা ইয়াসমিনের এ বক্তব্যের জবাব দিতে গিয়ে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি বলেন, "আপনারা (আওয়ামী লীগ) যখন বিরোধী দলে থাকবেন তখন সংসদে আসার কথাটি মনে রাখবেন। এ সংসদে সবার অংশগ্রহণ নিশ্চিত হচ্ছে না। "
তার কথার রেশ ধরে বিএনপির নারী আসনের অপর সংসদ সদস্য রাশেদা বেগম হীরা বলেন, "এ সংসদে ব্যক্তিগত আক্রমণ একটি জঘন্য পর্যায়ে চলে গেছে। এটা জনগণ প্রত্যাশা করে না।"
সংসদ নেতা ও বিরোধী দলীয় নেতার 'শাড়ি' নিয়ে সংসদে দেওয়া সাংসদদের বিতর্কের কথা তুলে ধরেন।
এ সময় হুইপ আ স ম ফিরোজ হীরাকে থামার অনুরোধ জানিয়ে বলেন, "এ অনুষ্ঠানে এসব বক্তব্য না রাখলে কী হয় না। এটা কি বিতর্কের অনুষ্ঠান?"
এরপর নারী আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য নাজমা আক্তার ফ্লোর নিয়ে হীরার বক্তব্যের সমালোচনা করেন।
তিনি বলেন, "বিরোধী দল সংসদ বর্জন করলেও সংসদ থেকে সব ধরণের সুযোগ সুবিধা ভোগ করেন। বৈঠক ভাতা নেন। বিদেশ ভ্রমণ করেন। আমরা সরকারী দলের সংসদ সদস্য হিসাবেও এত সুবিধা পাই না।"
অনুষ্ঠানে আওয়ামী লীগের সংসদ সদস্য হুইপ আব্দুল ওহাব, এস কে আবু বাকের, প্রমোদ মানকিন, জুনায়েদ আহমেদ পলক, শাহরিয়ার আলম, জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু প্রমুখও বক্তব্য দেন।
সংসদ সচিব আশফাক হামিদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর স্টিফেন প্রিজনারও বক্তব্য দেন।
বৈঠকে সঞ্চালনার দায়িত্বে ছিলেন সংসদ সদস্য আব্দুল মতিন খসরু।
স্পিকার অনুষ্ঠান ছেড়ে চলে যাওয়ার পর ডেপুটি স্পিকার শওকত আলী প্রধান অতিথির আসন নেন।
'জাতীয় সংসদের কাছে জনগণের প্রত্যাশা: অর্জন ও সম্ভবনা' শিরোনামে সংসদ ভবন কমপ্লেক্সের আইপিডি কনফারেন্স সেন্টারে (পুরাতন মিনিস্টার হোস্টেল) এ গোলটেবিলের আয়োজন করে সংসদ সচিবালয়।
২০০৭ সালের ১৩ ডিসে¤¦র জাতিসংঘে নেওয়া একটি প্রস্তাবের প্রেক্ষাপটে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) প্রতি বছর ১৫ সেপ্টে¤¦র আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালনের সিদ্ধান্ত হয়।
এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে, নাগরিকরা সংসদের কাছে কী আশা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২৩৫৪ ঘ.
bdnews24