ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশন গত মাসে রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, চাকরিজীবী ও ব্যবসায়ীসহ ৯৪ জনের বিরুদ্ধে ৪৯টি মামলা করেছে।
মঙ্গলবার কমিশনের মহাপরিচালক ও মুখপাত্র র্ফরুখ আহমেদ এক সংবাদ সম্মেলনে বলেন, তাদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন, অর্থ আত্মসাৎ, অর্থ পাচার ও জাল জালিয়াতির অভিযোগ রয়েছে।
অগাস্ট জুড়ে দুদক মোট ৬৪৫টি অভিযোগ পেয়েছে। যাচাই বাছাই করে এর মধ্যে ১২৩টি অনুসন্ধানের সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি সাতটি অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর পাঠানো হয়।
এই সময়ে দায়ের মামলার আসামিদের মধ্যে বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া, তার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী ও বিএনপি নেতা মো. হাফিজ ইব্রাহিম রয়েছেন।
এক প্রশ্নের জবাবে র্ফরুখ বলেন, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের মামলায় তারেক, কোকোসহ যার নামই আসুক না কেন, ব্যবস্থা নেওয়া হবে।
অন্য প্রশ্নের জবাবে দুদকের মহাপরিচালক বলেন, "আমরা কোনো চাপে নেই। দুদকের আইন অনুযায়ী বর্তমান সরকারের মন্ত্রীদের বিরুদ্ধে মামলা দায়েরে কোনো বাধা নেই।"
দুদক আইনের একটি সংশোধনী বর্তমানে সংসদে উত্থাপিত রয়েছে। এটি পাশ হলে দুদকের ক্ষমতা সীমিত হবে।
সংবাদ সম্মেলনে র্ফরুখ বলেন, "উচ্চ আদালতে ট্রুথ কমিশন অবৈধ ঘোষণা করার পর সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কার্যক্রম নেওয়া শুরু হয়েছে। এরমধ্যে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্রধান প্রকৌশলী মো. সাইফুল ইসলাম ও মোছা. রোজিনা সুলতানা রিমির বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করা হয়েছে।"
তবে এই পর্যন্ত কতজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, এমন প্রশ্নের সঠিক জবাব দিতে পারেননি তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/০১১০ ঘ.
bdnews24