গাজীপুর, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুনের মামলায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে গাজীপুরের একটি আদালত।
গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তানজীনা ইসমাইল মঙ্গলবার এ রায় দেন।
দণ্ডিত শহিদুল ইসলাম (২৩) গাজীপুর সদরের কাউলতিয়া গ্রামের সমেজ উদ্দিনের ছেলে।
জয়দেবপুর থানার কোনাবাড়ি ফাঁড়ির উপ-পরিদর্শক মো. মোবারক হোসেন মামলার বরাত দিয়ে জানান, এ বছরের ৪ জানুয়ারি সদর উপজেলার কড্ডা এলাকার ব্যবসায়ী শরীফুল ইসলাম তার বাড়ি থেকে রাত ১০টার দিকে কর্মচারী শহিদুলকে নিয়ে কড্ডার মুদি দোকানের উদ্দেশে রওয়ানা হন।
পথে শহিদুল তুরাগ নদীর পাশে শরীফুলকে ছুকিাঘাত করে হত্যার পর ড্রেনে ফেলে দেয় এবং তার কাছ থেকে মোবাইল ফোন সেট ও চাবি নিয়ে দোকান খুলে দুই লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় নিহতের বাবা কামাল হোসেন বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন।
ইতোপূর্বে শহিদুল এ খুনের ঘটনায় আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫৮ ঘ.
bdnews24