গাজীপুর, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ দূষণের অভিযোগে কোটি টাকা জরিমানাসহ গাজীপুরের কোনাবাড়ীতে তিনটি কারখানা বন্ধ করার নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
এছাড়া এ তিন কারখানার ঋণ সুবিধা বন্ধ করতে বাংলাদেশ ব্যাংককে এবং নিবন্ধন বাতিল করতে বিনিয়োগ বোর্ডকে অনুরোধ করা হয়।
মঙ্গলবার সকালে অধিদপ্তরের একটি ভ্রাম্যমাণ আদালত বিসিক শিল্প নগরীতে এই অভিযান চালায় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
কারখানা তিনটি হলো- ওয়াকফি নিট ফেব্রিক্স লিমিটেড, নাইটিংগেল ফ্যাশনস লিমিটেড ও ফ্যাশন ডিজাইন লিমিটেড।
এছাড়া বিসিক কর্তৃপক্ষকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের নিয়ন্ত্রণাধীন সব ড্রেনেজ সংস্কার করে সড়কে দূষিত পানি আসা বন্ধের নির্দেশও দেয় ভ্রাম্যমাণ আদালত।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম¥দ মুনীর চৌধুরীর নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কারখানা তিনটি পরিবেশগত ছাড়পত্র এবং এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (ইটিপি) ছাড়া বেআইনিভাবে উৎপাদন কার্যক্রম চালিয়ে আসছিল। এ কারখানাগুলোর দূষিত বর্জ্য তুরাগ নদীতে মিশে পরিবেশ দূষণ করছে। পাশাপাশি সড়কে পড়ে সড়কও ক্ষতিগ্রস্ত করছে।
এসব অভিযোগে কারখানা তিনটিকে এক কোটি ১১ লাখ টাকা জরিমানা এবং ১৫ সেপ্টেম্বরের মধ্যে উৎপাদন কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়। এ আদেশ না মানলে তাদের কারখানাগুলোর বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে মামলা দায়ের এবং মালিক পরিচালকদের গ্রেপ্তার করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০৩৪ ঘ.
bdnews24