বাগেরহাট, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি অপহরণ মামলায় সোমবার সুন্দরবনের তিন 'বনদস্যুকে' গ্রেপ্তার করেছে পুলিশ।
পরে বাগেরহাট আদালতে হাজির করলে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার হয়েছেন বাগেরহাটের মংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের বকুলতলা গ্রামের বাকি বিল্লাহ খাঁ (৩১) ও তার ভাই খলিল খাঁ (২৫) এবং সোনাইলতলা ইউনিয়নের সোনাইলতলা গ্রামের বাচ্চু শেখ (৩৩)।
নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এরা সুন্দরবনের বনদস্যু রাজু বাহিনীর সদস্য বলে পুলিশ জানিয়েছে।
মামলার বরাত দিয়ে মংলা থানার ওসি নিখিল চন্দ্র ম-ল বলেন, গত ১৬ মে সুন্দরবনের চাত্রা এলাকায় মাছ ধরার সময় বনদস্যু রাজু বাহিনীর সদস্যরা দুই লাখ টাকা মুক্তিপণের দাবিতে কালুসহ দশ জেলেকে অপহরণ করে।
গ্রেপ্তার তিনজন ওই মামলার এজাহারনামীয় আসামি এবং রাজু বাহিনীর সদস্য।
মংলার কাইনমারী গ্রামের আব্দুর রব কালু নামে এক ব্যক্তি চলতি বছরের ১৮ মে মংলা থানায় মামলাটি দায়ের করেন।
এতে সুন্দরবনের বনদস্যু রাজু বাহিনীর ২৫/৩০ জনের বিরুদ্ধে অপহরণ এবং মুক্তপণ দাবীর অভিযোগ আনা হয়।
ওসি আরো বলেন, মামলাটির বাদী আব্দুর রব কালু এক সময় সুন্দরবনের জুলফু বাহিনীর সঙ্গে থেকে সুন্দরবনে ডাকাতি করতেন। তার বিরুদ্ধে মংলা থানায় একাধিক মামলাও ছিল। তবে গত প্রায় তিন বছর ধরে তিনি ওই পথ ছেড়ে সুন্দরবনে মাছ ধরে জীবিকা নির্বাহ করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫৮ ঘ.
bdnews24