২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'না. গঞ্জ নির্বাচনে প্রয়োজনে সেনা মোতায়েন'

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (এনসিসি) নির্বাচনে প্রয়োজন হলে সেনা মোতায়েন করা হবে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2011, 01:48 PM

Updated : 24 Aug 2022, 03:57 PM

ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (এনসিসি) নির্বাচনে প্রয়োজন হলে সেনা মোতায়েন করা হবে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। সোমবার কমিশন সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, "অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে যা যা করা প্রয়োজন কমিশন তা-ই করবে। আসন্ন নির্বাচনে কোনো পক্ষকেই কোনো ধরনের চান্স দেওয়া হবে না।" স্থানীয় সরকার নির্বাচনে র‌্যাব, পুলিশ, বিজিবি, এপিবিএন সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে নিয়োজিত থাকে। তবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ফল গণনার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় সেনা সদস্যও মোতায়েন করা হয়। নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে বলে জানান সাখাওয়াত। তিনি বলেন, "নির্বাচনী বিধি বা আচরণবিধি ভঙ্গ করলেই প্রার্থিতা বাতিল করা হবে।" রোববার নির্বাচন কমিশন জানায়, ২ নভেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে চলতি মাসের তৃতীয় সপ্তাহেই এনসিসি'র তফসিল ঘোষণা করা হবে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হিসাব তদারকির জন্য প্রথমবারের মতো অডিট টিম নিয়োগ করার ঘোষণা দেন সাখাওয়াত। "অডিট টিম প্রতি সাতদিন অন্তর প্রার্থীদের কাছ থেকে নির্বাচনী ব্যয়ের হিসাব ভাউচারসহ জমা নেবে। হিসাবে কোনো ধরনের গোঁজামিল আছে মনে হলেই অডিট টিম তা তাৎক্ষণিকভাবে তদন্ত করে দেখবে। " বিশেষ পরিপত্র জারি করে কমিশন এ উদ্যোগ নেবে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৯২৯ ঘ.