২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গরিব শিক্ষার্থীদের জন্য হচ্ছে কল্যাণ তহবিল

সুবিধা বঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের সরকারের পক্ষ থেকে বৃত্তি দেওয়ার লক্ষ্যে গঠন করা হচ্ছে শিক্ষা সহায়ক কল্যাণ তহবিল। সোববার এ সংক্রান্ত একটি আইনের খসড়ায়ও নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2011, 10:29 AM

Updated : 24 Aug 2022, 03:57 PM

ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুবিধা বঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের সরকারের পক্ষ থেকে বৃত্তি দেওয়ার লক্ষ্যে গঠন করা হচ্ছে শিক্ষা সহায়ক কল্যাণ তহবিল। সোববার এ সংক্রান্ত একটি আইনের খসড়ায়ও নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সচিবালয়ে শেখ হাসিনার সভাপতিত্বে এ অনুমোদন দেওয়া হয় বলে জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ। বেশ কিছুদিন ধরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুবিধা বঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের জন্য কল্যাণ তহবিল গঠনের কথা বলে আসছিলেন। সরকার পরিবর্তন হলেও যেন শিক্ষার্থীরা বৃত্তি সুবিধা থেকে বঞ্চিত না হয়, সেজন্য কল্যাণ তহবিলের বিষয়ে জোর দেন তিনি। বৈঠকের পর আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, শিক্ষা সহায়ক ট্রাস্ট ফান্ড আইন গঠনের জন্য গত বছরের ১০ এপ্রিল প্রধানমন্ত্রী পরিকল্পনা মন্ত্রণালয়কে নির্দেশ দেন। কল্যাণ তহবিল প্রসঙ্গে তিনি বলেন, "১৯ সদস্যের এই ট্রাস্টের প্রধান হবেন শিক্ষামন্ত্রী। ঢাকায় এর প্রধান কার্যালয় থাকবে। তবে সরকারের অনুমতি নিয়ে ঢাকার বাইরেও কার্যালয় স্থাপন করা যাবে।" "এই কল্যাণ তহবিলে কোনো ব্যক্তি আর্থিক অনুদান দিলে তা করের আওতা মুক্ত থাকবে", যোগ করেন আজাদ। বৈঠকে এ ছাড়াও 'বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন-১৯৯৮' অধিকতর সংশোধনের জন্য প্রত্যাহার করা হয়েছে। আইনটি সংশোধনের পর মন্ত্রিসভায় পুনরায় উত্থাপন করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/১৬২৭ ঘ.