ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপন বৈঠকের খবরে রাজধানীতে গ্রামীণ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বাসায় অভিযান চালিয়েছে পুলিশ।
কিন্তু তাদের পাওয়া তথ্য সঠিক নয় জেনে ফিরে যেতে হয় দারুস সালাম থানা পুলিশকে।
রোববার রাতে গ্রামীণ ব্যাংকের উপ-ব্যবস্থ'াপনা পরিচালক (ডিএমডি) জান্নাত-ই-কাওনাইনের দারুস সালাম থানার টোলারবাগের বাসায় এ অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।
দারুস সালাম থানার ওসি আব্দুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জান্নাত-ই-কাওনাইনের বাসায় গোপন বৈঠক হচ্ছে শুনে সেখানে পুলিশ গিয়ে দেখে গ্রামীণ ব্যাংক এবং নারীপক্ষ নামের একটি সংগঠনের কয়েকজন মহিলা ওই বাসায় জড়ো হয়েছেন।
শিরীন হক নামে নারীপক্ষের এক নেত্রীর আহবানে একটি বৈঠকে যোগ দিতে তারা কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থান থেকে এই বাসায় আসেন বলে তারা পুলিশকে জানিয়েছেন।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, গ্রামীণ ব্যাংক থেকে চাকরিচ্যুত হয়েছে এমন কয়েকজন পুলিশকে এই মিথ্যা তথ্যটি দিয়েছিল। তবে তিনি তাদের পরিচয় জানাননি।
কুমিল্লা থেকে আসা নাসিমা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মহিলাদের উন্নয়ন নিয়ে আলোচনার জন্য শিরীন হক তাদের ঢাকায় ডেকেছেন। শিরীন হকের পরামরর্শেই তারা জান্নাত-ই-কাওনাইনের বাসায় ওঠেন।
তবে জান্নাত-ই-কাওনাইন চট্টগ্রামে রয়েছেন বলে তিনি জানান।
নাসিমা বেগম আরো বলেন, বিকালে তারা ছয়জন একটি গাড়ি নিয়ে বেড়াতে বের হলে কয়েকটি মোটরসাইকেল তাদের অনুসরণ করে। পরে তারা বাসায় ফিরে আসেন।
রাতে পুলিশ এবং সাংবাদিক পরিচয়ে কয়েকজন বাসায় ঢুকে তাদের নানাভাবে জেরা করে। কেউ কেউ তাদের জেএমবি বলে তিরস্কারও করে।
পরে শিরীন হক, তার স্বামী ডা. জাফরউল্লাহ ও আইনজীবী সারা হোসেন এই বাসায় আসেন।
রাত সাড়ে ৯টার দিকে পুলিশ চলে যাওয়ার পর সবাই চলে যান, বলেন নাসিমা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/ডিডি/০১১৮ ঘ.
bdnews24