২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মায় নাব্য সঙ্কট, মাওয়া-কাওড়াকান্দি নৌপথে দুর্ভোগ

নাব্য সঙ্কটে মাওয়া-কাওড়াকান্দি নৌপথে চলাচলকারী ফেরি বারবার আটকে যাওয়ায় যাত্রী দুর্ভোগ চরমে উঠেছে। ঘাটের দুই পাড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2011, 05:09 PM

Updated : 24 Aug 2022, 03:56 PM

মুন্সীগঞ্জ, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাব্য সঙ্কটে মাওয়া-কাওড়াকান্দি নৌপথে চলাচলকারী ফেরি বারবার আটকে যাওয়ায় যাত্রী দুর্ভোগ চরমে উঠেছে। ঘাটের দুই পাড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। সর্বশেষ রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় এই নৌপথের নাওডোবা টার্নিংয়ে সরু চ্যানেলে ল্যান্টিং নামের আরেকটি ফেরি তিনঘণ্টারও বেশি সময় আটকে ছিল। এ কারণে মাওয়া-কাওড়াকান্দি ঘাটের দুই পাড়ে কয়েকশ' ছোট-বড় যানবাহন পারাপারের অপেক্ষায় আটকে থাকে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থা (বিআইডব্লিউটিসি)। সকালে আরো দুটি ফেরি আটকে প্রায় আড়াই ঘণ্টা যান পারাপার বন্ধ ছিলো। শনিবারও দুই দফায় এই নৌপথে প্রায় সাড়ে ৭ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিলো। বিআইডব্লিউটিসি'র মাওয়া ঘাটের ব্যবস্থাপক সিরাজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নয়টি যান নিয়ে ফেরি ল্যান্টিং ডুবোচরে আটকে যায়। উদ্ধারকারী জাহাজ আইটি সি-৯১ রাত পৌনে ১১টায় ফেরিটিকে উদ্ধার করে। এরপর চলাচল আবার স্বাভাবিক হয়। একই স্থানে সকাল পৌনে ৯টার দিকে কাওড়াকান্দিগামী ভাষা শহীদ বরকত ১৯টি যান নিয়ে ডুবোচরে আটকে যায়। উদ্ধারকারী জাহাজ বেলা ১১টায় বরকতকে উদ্ধার করে। এর ঠিক পাঁচ মিনিট পরই একই স্থানে যমুনা নামের ফেরিটি আটকে যায়। উদ্ধারকারী জাহাজটি ঘটনাস্থলে থাকায় ১৫ মিনিটের মধ্যেই যমুনাকে উদ্ধার করা হয়। পরে সোয়া ১১টা থেকে আবার ফেরি চলাচল শুরু করে। বারবার ফেরি ডুবোচরে আটকে যাওয়ায় ঘাটের উভয় পাড়ে দুপুর ১২টা পর্যন্ত প্রায় তিনশ' ছোট-বড় যানবাহন আটকে ছিলো। বিআইডব্লিউটিসি কর্মকর্তা সিরাজুল হক এসব তথ্য নিশ্চিত করে জানান, নাব্যতা সঙ্কটের কারণে ধারণ ক্ষমতার চেয়ে কম যান নিয়ে ওয়ানওয়ে (একমুখী) পথে শুধু কবুতরখোলা চ্যানেলে ঝুঁকি নিয়ে ফেরি চলাচল করছে। যে কোনো সময় ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সিরাজুল হক আরো জানান, এই চ্যানেলে ড্রেজিংয়ের কাজ করছে। তারপরও চ্যানেলটি সচল রাখা কঠিন হয়ে পড়ছে। এর আগে এই নৌ পথের মাগুরখ- চ্যানেলটি পানি স্বল্পতার কারণে বন্ধ হয়ে গেছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/ডিডি/২৩০৪ ঘ.