সিরাজগঞ্জ, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালতে বিচারককে কটুক্তি করায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ'র (জেএমবি) কেন্দ্রীয় অর্থ সম্পাদক মোহতাসীম বিল্লাহকে ছয় মাসের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।
এছাড়া এক হাজার টাকা জরিমানা অনাদায়ে তাকে আরো ১৫ দিন কারাভোগ করতে হবে।
রোববার সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আব্দুস সালেক এ আদেশ দেন।
চলতি বছরের ১০ ফেব্রুয়ারি সিরাজগঞ্জের সলংগা উপজেলার আলোকদিয়া গ্রাম থেকে র্যাব মোহতাসীম ও আল আমিনকে গ্রেপ্তার করে।
আদালত পরিদর্শক ওয়াহেদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি বিচারাধীন মামলার সাক্ষ্য গ্রহণের দিন জেলহাজত থেকে মোহতাসিম বিল্লাহ (২৫) ও আল আমিনকে আদালতে হাজির করা হয়।
আদালতের অনুমতি নিয়ে মোহতাসিম বিল্লাহ নিজেই সাক্ষীকে জেরা করতে শুরু করেন।
এক পর্যায়ে সাক্ষীকে এবং বাদীপক্ষের আইনজীবীদের সঙ্গে তিনি অসদাচরণ শুরু করলে বিচারক তাকে সতর্ক করে দেন।
এ সময় মোহতাসীম বিল্লাহ বিচারককেও কটুক্তি করেন।
এর কারণে আদালত অবমাননার দায়ে জেলা ও দায়রা জজ আব্দুস সালেক এ সাজা দেন।
মোহতাসীম দিনাজপুরের শওন খোলা গ্রামের আব্দুস সামাদের ছেলে এবং ফাঁসিতে মৃত্যু হওয়া জেএমবি নেতা শায়খ আব্দুর রহমানের শ্যালক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২১২৫ ঘ.
bdnews24