চাঁদপুর, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্মস্থল চাঁদপুরের মতলবে ফেরার পথে সড়কে দুর্ঘটনায় নিহত হয়েছেন এক চিকিৎসক।
নিহতের নাম ফাহমিদুল শরীফ তুষার (৩২)। তিনি মতলব (উত্তর) উপজেলার ষাটনল উপ-স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত ছিলেন।
তুষারের সহকর্মী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ফিরোজ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার বিকালে দাউদকান্দি-মতলব সড়কের সোনাকান্দা এলাকায় প্রাইভেটকার দুর্ঘটনায় মারা যান তুষার। তুষারের প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় আহত হয়েছেন গাড়ির আরোহী তুষারের মা, স্ত্রী ও গাড়িচালক। তাদের ঢাকায় পাঠানো হয়েছে বলে ডা. ফিরোজ জানান।
তুষারের বাড়ি মতলব (উত্তর) উপজেলার মান্দাতলী এলাকায়। তবে তিনি সপরিবারে ঢাকা থেকে ফিরছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮২২ ঘ.
bdnews24