কক্সবাজার, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারে গোসল করতে নেমে সাগরে ডুবে ঢাকার এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে এক জনকে।
রোববার দুপুর পৌনে ১টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সী-ইন পয়েন্টে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত মোহাম্মদ ইব্রাহিম (১৬) ঢাকার যাত্রাবাড়ির ধলপুর এলাকার মোহাম্মদ করিমের ছেলে। সে ঢাকা সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।
ইব্রাহিমের মামা মোহাম্মদ খলিলকে (২১) মুমূর্ষু অবস্থায় উদ্ধারের পর কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পেশায় তিনি এলুমিনিয়ামের কারিগর। তার বাড়ি কুমিল্লা জেলার মেঘনা থানার বড় খান্দা গ্রামে। বাবা প্রয়াত হক মিয়া।
সমুদ্র সৈকতে উদ্ধারকাজে নিয়োজিত রবি লাইফ গার্ডের পরিচালক সৈয়দ নূর জানান, ইব্রাহিম ও তার মামা খলিল বেলা ১২টার দিকে সী-ইন পয়েন্টে গোসল করতে নামে। কিছুক্ষণেই মধ্যেই তারা 'গুপ্ত খালে' আটকা পড়ে তলিয়ে যায়। রবি লাইফ গার্ডের উদ্ধার কর্মীরা দেখতে পেয়ে দ্রুত তাদের উদ্ধার করে।
মুমূর্ষু অবস্থায় উদ্ধারের পর দুজনকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার মডেল থানার ওসি বদরুল হুদা জানান, প্রায় ৮০ জনের একটি দলের সঙ্গে ইব্রাহিম ও খলিল শুক্রবার কক্সবাজারে পিকনিকে আসে। তারা কলাতলির বে-ভিউ হোটেলে উঠেছেন।
নিহতের লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান ওসি।
গত ২৯ জুলাই কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে নেমে প্রাণ হারান তরুণ গায়ক আবিদ শাহরিয়ার ও তার সহকর্মী মুত্তাকিন মাহমুদ তূর্য ও আশেক মোস্তফা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৬১৪ ঘ.
bdnews24