ব্রাহ্মণবাড়িয়া, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লার রাজাপুরে প্রধান লাইনে একটি আন্তঃনগর ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় তিন জেলায় ট্রেন যোগাযোগ তিন ঘণ্টা বন্ধ ছিলো।
রেল কর্তৃপক্ষ জানায়, রোববার সকালে আন্তঃনগর 'উপকূল এক্সপ্রেস' এর ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় চট্টগ্রাম, নোয়াখালী ও চাঁদপুরের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
আখাউড়া রেলওয়ে লোকোসেড ইনচার্জ টি এ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে আখাউড়া রেলস্টেশন থেকে ট্রেনটি নোয়াখালীর দিকে ছেড়ে যায়। বেলা ১১টা ৪০ মিনিটের দিকে আখাউড়া-কুমিল্লা রেল সেকশনের রাজাপুর রেলস্টেশন এলাকায় প্রধান লাইনে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়।
ট্রেনটিকে সচল করতে আখাউড়া থেকে দুপুর ১২টা ৩৫ মিনিটে অপর একটি ইঞ্জিন পাঠানো হয়। পরে দুপুর ৩টায় মেরামতের পর পুনরায় এই পথে রেল যোগাযোগ স্বাভাবিক হয় বলে জানান প্রকৌশলী টি এ চৌধুরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৫৪৬ ঘ.
bdnews24