ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্মিলিত গণতান্ত্রিক জোট নামে একটি নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ঘটেছে, এতে বিএনপি সমর্থিত বিভিন্ন সংগঠন রয়েছে।
রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ১৫টি সংগঠনের নতুন এ জোটের ঘোষণা দেন জোটের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর এম এম মেহবুব রহমান।
জোটভুক্ত সংগঠনগুলো হচ্ছে- সাংস্কৃতিক একাডেমি, জাগ্রত জনতা ফোরাম, জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশন, স্বদেশ জাগরণ পরিষদ, সচেতন নাগরিক সমাজ, প্রজন্ম একাডেমি, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম, দেশপ্রেমিক যুব শক্তি, পার্বত্য চট্টগ্রাম সমধিকার ফোরাম, জিয়া নাগরিক সংসদ, সামাজিক আন্দোলন সংস্থা, সুশীল ফোরাম, নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট কাউন্সিল ও গণতান্ত্রিক মহিলা ফোরাম।
মেহবুব রহমান বলেন, "দেশের বিরাজমান সমস্যা সমাধানে ব্যর্থ সরকারের পদত্যাগ, পঞ্চদশ সংশোধনী বাতিলসহ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবিতে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমরা এ লক্ষ্যে সারাদেশে সাংগঠনিক সফরের পর কর্মসূচি দেবো।"
সংবাদ সম্মেলনে ছিলেন সাংস্কৃতিক একাডেমির শহিদ চৌধুরী, দেশপ্রেমিক যুব শক্তির আহসান উল্লাহ শামীম, পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলনের মনিরুজ্জামান মুনির, সুশীল ফোরামের মো. জাহিদ, সামাজিক আন্দোলন সংস্থার হুমায়ুন কবির হিরু, স্বদেশ জাগরণ পরিষদের কামরুজ্জামান সেলিম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৩৪০ ঘ.
bdnews24