২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে এখনো বিচ্ছিন্নতাবাদী ঘাঁটি আছে: মানিক

বাংলাদেশে এখনো ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের ঘাঁটি আছে দাবি করে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেছেন, এ বিষয়ে তথ্য-প্রমাণ দিতে পারলে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্র"তি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2011, 09:44 PM

Updated : 24 Aug 2022, 03:55 PM

আগরতলা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে এখনো ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর ঘাঁটি আছে দাবি করে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেছেন, এ বিষয়ে তথ্য-প্রমাণ দিতে পারলে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্র"তি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে ঢাকা সফর শেষে দেশে ফেরার পর শুক্রবার আগরতলায় এক সংবাদ সম্মেলনে মানিক এ কথা বলেন। তিনি বলেন, ঢাকায় এক বৈঠকে বাংলাদেশের সীমানায় ভারতীয় সশস্ত্র সংগঠনগুলোর ঘাঁটি নিয়ে কথা উঠলে শেখ হাসিনা দৃঢ়ভাবে বলেন, কোথাও সন্ত্রাসীরা ঘাঁটি গেড়েছে এমন তথ্য-প্রমাণ দিতে পারলে তার সরকার অবশ্যই ব্যবস্থা নেবে। ৬ ও ৭ সেপ্টেম্বর এই সফরে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম, মেঘালয় ও মিজোরামের মুখ্যমন্ত্রীরাও মনমোহন সিংয়ের সঙ্গে ছিলেন। সংবাদ সম্মেলনে মানিক সরকার বলেন, বাংলাদেশের মাটিতে ত্রিপুরাভিত্তিক সশস্ত্র সংগঠনগুলোর তৎপরতা অনেকটা কমে এসেছে। তবে এখনো গোটা বিশেক ঘাঁটি রয়েছে। বাংলাদেশ এসব তৎপরতা বন্ধে ইতিবাচক সাড়া দিয়েছে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনা এ বিষয়টি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, বাংলাদেশের ভূমি থেকে কোনো ধরনের 'ভারতবিরোধী কর্মকাণ্ড' চালাতে দেওয়া হবে না। বাংলাদেশের ব্যবসায়ীরা ভারতের উত্তর-পূর্বঞ্চলীয় রাজ্যগুলোতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন বলেও মানিক সরকার উল্লেখ করেন। তবে বাংলাদেশের বর্তমান আইনে ভারতে বিনিয়োগের ক্ষেত্রে কিছু বাধা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, "বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের সামনে তুলে ধরা হয়েছে। আমরা আশা করছি, শিগগিরই এসব সমস্যা দূর হবে।" ভারতীয় প্রধানমন্ত্রীর এই সফরের ফলে দুই দেশের মধ্যে সীমান্ত সমস্যা ও বাণিজ্য বিরোধের বিষয়গুলো নিরসন সহজ হবে বলেও আশা প্রকাশ করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ ট্রান্সশিপমেন্ট সুবিধা দেওয়ায় চলতি বছরের শুরুতে কলকাতা থেকে আশুগঞ্জ হয়ে পালটানা বিদ্যুৎ প্রকল্পের ভারি যন্ত্রপাতি আখাউড়া-আগরতলা সীমান্ত পেরিয়ে ত্রিপুরায় নেওয়া সম্ভব হয়। এর বিনিময়ে ৭২৬ মেগাওয়াট ক্ষমতার ওই বিদ্যুৎ কেন্দ্র থেকে ১০০ মেগাওয়াট বাংলাদেশের কাছে বিক্রি করতে ত্রিপুরা রাজ্য সরকার তৈরি আছে। এছাড়া ত্রিপুরা থেকে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোতে বিদ্যুৎ সরবরাহের জন্য বাংলাদেশের ওপর দিয়ে একটি আন্তদেশীয় গ্রিড লাইন স্থাপনেরও প্রস্তাব করেন তিনি। মানিক সরকার বলেন, এতে করে অর্থ ও বিদ্যুৎ দুটোরই সাশ্রয় হবে। মনমোহন সিংয়ের এই সফরে তিস্তা ও ফেনী নদীর পানিবণ্টন এবং ভারত থেকে বিদ্যুৎ বিক্রির বিষয়ে চুক্তি হওয়ার কথা থাকলেও তিস্তা চুক্তি নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আপত্তিতে শেষ মুহূর্তে বিষয়গুলো আটকে যায়। দুই দেশের মধ্যে ট্রানজিট বাস্তবায়নে সম্মতিপত্র বিনিময়ের বিষয়টিও আর হয়নি। ৬ অগাস্ট ঢাকা-দিল্লি শীর্ষ বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আঞ্চলিক সহযোগিতার রূপরেখা চুক্তি, স্থলসীমা বিষয়ে একটি প্রটোকল এবং কয়েকটি সমঝোতা স্মরক স্বাক্ষরিত হয়। মানিক সরকার সংবাদ সম্মেলনে বলেন, আগামী দিনগুলোতে অভিন্ন নদীর পনি বণ্টন, ট্রানজিট, বন্দর ব্যবহার এবং আসামি প্রত্যর্পণ চুক্তির মতো বিষয়গুলো নিয়ে দুই দেশ সমঝোতায় পৌঁছাতে পারবে বলে আশা করছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এনআইআর/জেকে/১৫৪১ ঘ.