ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের ওয়েবসাইট বৃহস্পতিবার রাতে হ্যাকরদের কবলে পড়ে।
রাত ১২টার পর ওই ওয়েবসাইটে (http://www.hcidhaka.org) স্বাভাবিক তথ্যের পাশাপাশি আক্রান্ত হওয়ার বার্তা দেখা যায়। ওয়েবসাইটের হোমপেইজে লেখা দেখা যায় 'হ্যাকড বাই বাংলাদেশি হ্যাকার'।
তবে রাতে ভিসা আবেদনের অনলাইন পদ্ধতির বহিঃলিঙ্কটি সক্রিয় ছিল। একইভাবে হোমপেইজে থাকা অন্যান্য বহিঃলিঙ্কও সক্রিয় দেখা যায়।
হোমপেইজের প্রেস রিলিজ বিভাগে লেখা দেখা যায়- বাংলাদেশি হ্যাকাররা এই সাইটটি হ্যাক করেছে..... ভারত, সীমান্তে হত্যা বন্ধ করো। আমরা মানুষ, পাখি নই। বাংলাদেশের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করা তোমাদের দায়িত্ব (This site has been hacked by Bangladeshi hacker..... India, Stop boarder killing. We are human, not bird. Its your responsibility to be friendly to Bangladesh.)|
ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সা¤প্রতিক সফরে তিস্তা চুক্তি না হওয়ার বিষয়েও প্রতিক্রিয়া দেখিয়েছে হ্যাকাররা।
হাই কমিশনের ওয়েবসাইটে তারা লিখেছে- শুনুন মমতা, ন্যূনতম কাণ্ডজ্ঞান থাকলে আপনি আমাদের ২৫% পানি দিতে চাইতেন না। বাংলাদেশে আসুন, নদীগুলো ঘুরে দেখুন। এখন আমাদের নদীর মধ্যে ধান চাষ করা হচ্ছে। আপনাদের নীতির কারণে আমাদের নদীগুলো দিনে দিনে শুকিয়ে যাচ্ছে (And Listen MAMATA, if you would have some common sense then you would not want to give us 25 % water.Come Bangladesh and visit the rivers. Currently peoples are harvesting paddy in the river. Rivers are becoming dead day by day because of your Policies.)|
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের আপত্তির কারণে শেষ মুহূর্তে তিস্তার পানি বণ্টন চুক্তি স্থগিত হয়ে যায়। ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংও এ বিষয়টিকে 'দুর্ভাগ্যজনক' হিসেবে উল্লেখ করেন।
হ্যাকাররা আরো লিখেছে- আমরা তোমাদের বন্ধু হতে চাই। এখন তোমাদের সিদ্ধান্ত নিতে হবে, তোমরা বন্ধু হবে কি না। বাংলাদেশি হওয়ায় আমরা গর্বিত....( We want to be your friend. Its your decision if you want to be our friend. Proud to be Bangladeshi....)|
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিডি/জেকে/০৩০৬ ঘ.
bdnews24