২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

৪টি বিদ্যুৎ কেন্দ্রের দরপ্রস্তাব অনুমোদন

চারটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের দরপ্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটি, যার তিনটি এক বছরের মধ্যে উৎপাদনে যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2011, 09:43 AM

Updated : 24 Aug 2022, 03:55 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের দরপ্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটি, যার তিনটি এক বছরের মধ্যে উৎপাদনে যাবে। বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। চারটির মধ্যে একটি কয়লাভিত্তিক এবং অন্য তিনটি ফার্নেস অয়েলভিত্তিক। মন্ত্রী বলেন, "কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি ৪৫ মাসের মধ্যে এবং ফার্নেস অয়েলভিত্তিক বাকি তিনটি এক বছরের মধ্যে উৎপাদন শুরু করবে।" মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব নুরুল করিম সাংবাদিকদের বলেন, ৩০০ থেকে ৬৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপিত হবে মুন্সীগঞ্জের মাওয়ায়। এটি স্থাপন করবে লংকিং ওরিয়ন জয়েন্ট ভেঞ্চার কোম্পানি। সরকার এদের কাছ থেকে প্রতি কিলোওয়াট বিদ্যুৎ কিনবে ৪ টাকা ৯ পয়সা দরে। ফার্নেস অয়েলভিত্তিক ১০৮ মেগাওয়াট উৎপাদনক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপিত হবে কেরানীগঞ্জের বসিলায়। এটি স্থাপন করবে সিএলসি পাওয়ার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। সরকার এদের কাছ থেকে প্রতি কিলোওয়াট বিদ্যুৎ কিনবে ৬ টাকা ৯২ পয়সা দরে। নুরুল করিম বরেন, সাড়ে ৫২ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার একটি বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হবে কুমিল্লার হোমনায় এবং অন্যটি হবে মুন্সীগঞ্জের কাটপট্টিতে। কুমিল্লার কেন্দ্রটি স্থাপন করবে ইউনিয়ন কনসালটান্ট অ্যান্ড ভেঞ্চার এনার্জি রিসোর্সেস লিমিটেড জয়েন্ট ভেঞ্চার। সরকার এদের কাছ থেকে প্রতি কিলোওয়াট বিদ্যুৎ কিনবে ৬ টাকা ৯৬ পয়সা দরে। কাটপট্টির বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপন করবে পিপলস্ এনার্জি অ্যান্ড ভেঞ্চার এনার্জি রিসোর্সেস লিমিটেড জয়েন্ট কনসোর্টিয়াম। সরকার এদের কাছ থেকে প্রতি কিলোওয়াট বিদ্যুৎ কিনবে ৬ টাকা ৯৬ পয়সা দরে। নুরুল করিম জানান, কমিটির বৈঠকে 'ক্যাপিটাল ড্রেজিং অব রিভার সিস্টেম ইন বাংলাদেশ' প্রকেল্পর আওতায় যমুনা নদীর সিরাজগঞ্জ হার্ড পয়েন্ট হতে বঙ্গবন্ধু সেতুর উজান পর্যন্ত ১৪ কিলোমিটার কাজের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। ৪৬২ কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ের এ কাজ পেয়েছে চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি। যুগ্ম সচিব জানান, 'ঢাকা-চিটাগং রেলওয়ে ডেভেলপমেন্ট প্রজেক্ট'-এর আওতায় ২৯০ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে ১১টি মিটার গেইজ ডিজেল ইঞ্জিন কেনার প্রস্তাব অনুমোদন করেছে কমিটি। এর জন্য কাজ মারুবেনিকরপোরেশন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৫৩৫ ঘ.