ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মনমোহন সিংয়ের সফরসঙ্গী ভারতের চারটি রাজ্যের মুখ্যমন্ত্রী গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন।
বুধবার বিকাল সাড়ে ৩টায় আসামের মুখ্যমন্ত্রী তরুণ গোগৈ, মেঘালয়ের মুকুল সাংমা, ত্রিপুরার মানিক সরকার এবং মিজোরামের পু লালথানহাওলা প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান।
দুই দিনের সফরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং মঙ্গলবার ঢাকায় আসেন। এত জন মুখ্যমন্ত্রী নিয়ে এর আগে ভারতের কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশে আসেননি।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়েরও এই সফরে আসার কথা থাকলেও তিস্তার পানি ভাগাভাগির প্রস্তাব নিয়ে আপত্তি তুলে শেষ মুহূর্তে তিনি তা বাতিল করেন।
ভারতের প্রধানমন্ত্রীর সফরের প্রথম দিনে দুই দেশের শীর্ষ বৈঠক হয়। এতে পারস্পরিক সহযোগিতার একটি রূপরেখা চুক্তি হয়েছে। আলোচনায় থাকলেও হয়নি ট্রানজিট এবং অভিন্ন নদীর পানি বণ্টন চুক্তি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/এমআই/১৬৩৫ ঘ.
bdnews24