২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাড়া পেলেন এমেকা-কায়সার হামিদ

মনমোহন সিং এবং লিওনেল মেসিদের ঢাকা সফরের সময় রিভলবারসহ ধরা পড়া নাইজেরিয়ার সাবেক ফুটবলার এমেকা এজিউগো ছাড়া পেয়েছেন। ছেড়ে দেওয়া হয়েছে ওই পিস্তলের মালিক জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদকেও। তবে জব্দ করা হয়েছে রিভলবারটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2011, 06:37 AM

Updated : 24 Aug 2022, 03:54 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মনমোহন সিং এবং লিওনেল মেসিদের ঢাকা সফরের সময় রিভলবারসহ ধরা পড়া নাইজেরিয়ার সাবেক ফুটবলার এমেকা এজিউগো ছাড়া পেয়েছেন। ছেড়ে দেওয়া হয়েছে ওই পিস্তলের মালিক জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদকেও। তবে জব্দ করা হয়েছে রিভলবারটি। সোমবার রাতে গুলশানের ওয়েস্টিন হোটেল থেকে এমেকাকে আটক করে পুলিশ। এমেকা দাবি করেন, তার কাছে থাকা অস্ত্রটি কায়সার হামিদের এবং তার লাইসেন্স রয়েছে। পরে কায়সার হামিদকেও থানায় ডেকে নিয়ে আটক করা হয়। দাবাড়– রানী হামিদ এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আব্দুল হামিদের ছেলে কায়সার এবং নাইজেরিয়ার এমেকা দীর্ঘদিন একসঙ্গে মোহামেডান স্পোর্টিং ক্লাবে খেলেছেন। ১৯৮০ এর দশকে দেশের অন্যতম সেরা ডিফেন্ডার কায়সার হামিদ জাতীয় দলের হয়েও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন দীর্ঘদিন। আর এমেকা ১৯৯৪ সালের নাইজেরীয় বিশ্বকাপ দলে ছিলেন। স্পর্শকাতর একটি সময়ে অস্ত্রসহ আটক হওয়ার পর পুলিশ দুজনকে থানায় নিয়ে যায় এবং জিজ্ঞাসাবাদ করে। তবে মঙ্গলবার দুপুরে তাদের ছেড়ে দেওয়া হয়। পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার খন্দকার লুৎফুল কবীর মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মুচলেকা দিয়ে দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে গুলিভর্তি রিভলবারটি জব্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, লাইসেন্সের শর্ত ভাঙায় এ বিষয়ে পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে কায়সার হামিদ সাংবাদিকদের বলেন, "এটি তুচ্ছ একটি ঘটনা। একে এত বড় করে দেখা ঠিক নয়।" সোমবার রাত সাড়ে ১১টার দিকে এমেকা হোটেলে ঢোকার সময় আর্চওয়ে তার কাছে অস্ত্র থাকার সংকেত দেয়। পুলিশ তার ব্যাগ তল্লাশি করে একটি পিস্তলটি পায়। আর্জেন্টিনার সঙ্গে প্রদর্শনী ম্যাচে অংশ নিতে আসা নাইজেরিয়া দল ওয়েস্টিন হোটেলে উঠেছে। এমেকাও উঠেছিলেন ওই হোটেলে। এমেকা দাবি করেন, কায়সার হামিদের লাইসেন্স করা পিস্তলটি তার কাছে রাখা হয়। কায়সার হামিদ ঘটনার সময় ফুটবল ফেডারেশনে ছিলেন। তখন তাকেও ফোন করে থানায় ডেকে পাঠানো হয়। এরপর তিনি অস্ত্রের বৈধতার কাগজপত্র পুলিশকে দেখান। খেলোয়াড়ি জীবন থেকে অবসর নিয়ে কায়সার হামিদ রাজনীতিতেও জড়িয়েছেন। তিনি জাতীয় সংসদ নির্বাচনে গুলশান আসনে জাকের পার্টির মনোনয়নে একাধিকবার প্রার্থীও হয়েছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১২৩৩ ঘ.