সাভার, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সাভারের আশুলিয়ায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয় হয়েছে আট জন।
মঙ্গলবার ভোররাত ৩টার দিকে মহাসড়কের আশুলিয়া থানার কাছে আল-আমিন মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন- মোহাম্মদ আলী (৬০), মো. মিলন (৩০) ও শাহীন (১৬)। তারা বগুড়ার দক্ষিণ বেলাইদ এলাকার বাসিন্দা।
হতাহতরা সবাই ওই ট্রাকের যাত্রী ছিল।
আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বগুড়া থেকে আসা ঢাকাগামী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে গেলে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিন জন নিহত হয়। আহত হয় আট জন।
আহতদের সাভারের গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া রংপুর-ঢাকা মহাসড়কের গাইবান্ধার পলাশবাড়ীর দুবলাগাড়ী এলাকায় সকালে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে এক যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয় আরো ১৩ যাত্রী।
নিহত আফিয়া খাতুন বেওয়া (৫০) গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পার আমলাগাছীর প্রয়াত আব্দুল জোব্বারের স্ত্রী। আহতদের পলাশাড়ী ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১২১৭ ঘ.
bdnews24