আনিছুর রহমান
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম লালমনিরহাট প্রতিনিধি
ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৩৭ বছর পর আশায় বুক বেঁধেছে দহগ্রাম-আঙ্গরপোতাবাসী- এবার ভারতীয় প্রধানমন্ত্রীর সফরেই ঘোষণা আসবে, বাংলাদেশের মূল ভূখণ্ডে আসা-যাওয়া করা যাবে দিন রাত ২৪ ঘণ্টা।
দহগ্রাম-আঙ্গরপোতা কাগজে-কলমে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার অধীন, কিন্তু মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। এ ছিটমহলে যেতে হয় তিন বিঘার একটি সরু পথের ওপর দিয়ে, যাতে সব সময় থাকে ভারতের নিরাপত্তা রক্ষীদের পাহারা।
১৯৭৪ সালে মুজিব-ইন্দিরা চুক্তি অনুযায়ী দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহলে যাওয়ার পথ হিসেবে তিন বিঘা করিডোর পায় বাংলাদেশ, চলাচলের জন্য পাওয়া গেলেও এর নিয়ন্ত্রণ থেকে যায় ভারতের হাতে। যদিও এ জন্য আড়াই একরের দক্ষিণ বেরুবাড়ি এলাকাটি ছেড়ে দেওয়া হয় ভারতকে।
বর্তমানে তিন বিঘা করিডোর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে। তবে ছিটমহলবাসী চায়, ২৪ ঘণ্টা যাতায়াত।
দহগ্রামের বাসিন্দা শিক্ষক রেজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বললেন, "ইন্দিরা-মুজিব চুক্তি অনুযায়ী দক্ষিণ বেরুবাড়ী ভারত নেওয়ার পর অনেক আগেই তিনবিঘা করিডোর গেট ২৪ ঘণ্টা খুলে দেওয়ার কথা। কিন্তু খুলে না দিয়ে বছরের পর বছর গেটের দু'দিকে সশস্ত্র সীমান্তরক্ষীদের পাহারা বসিয়ে কালক্ষেপন করে পুরো দহগ্রামকে নিয়ন্ত্রণের চেষ্টা করে আসছে ভারত।"
তবে এবার মনমোহন সিংয়ের সফরে তিন বিঘা করিডোর বাংলাদেশিদের জন্য ২৪ ঘণ্টা খোলা থাকার ঘোষণা আসছে বলে দুই দেশের তরফেই বলা হচ্ছে।
এতে আশা জাগলেও সংশয়ও কাটছে না ছিটমহলবাসীর। দহগ্রামের অধিবাসী ১০৫ বছরের সাহেদুল ইসলাম বললেন, "ইন্দিরা-মুজিব চুক্তির মতো আবার যেন কোনো কালক্ষেপণ না হয়, আমরা যেন ২৪ ঘণ্টা যাতায়াত করতে পারি।"
দহগ্রাম-আঙ্গরপোতার তিন দিকে ভারতের কুচবিহার জেলা, একদিকে তিস্তা নদী, নদীর ওপারেও ভারতীয় ভূখণ্ড। ১৯৭৪ সালের মে মাসে ইন্দিরা-মুজিব চুক্তি অনুযায়ী দক্ষিণ বেরুবাড়ীর বিনিময়ে দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহলের অধিবাসীদের ভারত-সরকার মূল ভূ-খণ্ডে নির্বিঘেœ যাতায়াত ও চলাচলের জন্য তিন বিঘা করিডোর চিরস্থায়ী ইজারা দেওয়ার প্রতিশ্র"তি দেয়।
কিন্তু এরপর বিভিন্ন সময়ে আলোচনায় ইজারার শর্তাবলিসহ অন্য বিভিন্ন বিষয় ঠিক হলেও তিন বিঘা উন্মুক্ত হয়নি।
তবে এবার তা উন্মুক্ত হচ্ছে বলেই জানালেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। ভারতের প্রধানমন্ত্রীর এবারের সফরের বিষয়ে গুরুত্বপূর্ণ এ ব্যক্তি রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দহগ্রাম-আঙ্গরপোতা ২৪ ঘণ্টা খোলা উন্মুক্ত থাকার ঘোষণা আসছে।
ভারতের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে একই কথা জানিয়েছে ভারতের পত্রিকাগুলোও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০২২ ঘ.
bdnews24