২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনে কয়েকটি পদে রদবদল, পদোন্নতি

প্রশাসনের একজন সিনিয়র সহকারী সচিবকে জ্যেষ্ঠতাসহ উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এ ছাড়া দুই জন উপসচিব এবং চার জন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) রদবদল হয়েছে বেশ কিছু পদে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2011, 01:32 PM

Updated : 24 Aug 2022, 03:54 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের একজন সিনিয়র সহকারী সচিবকে জ্যেষ্ঠতাসহ উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এ ছাড়া দুই জন উপসচিব এবং চার জন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) রদবদল হয়েছে বেশ কিছু পদে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে রোববার এসব পদোন্নতি ও রদবদল করা হয়। উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) সিনিয়র সহকারী সচিব মো. আনোয়ার উল্ল্যাহ। পদোন্নতির পর তাকে একই মন্ত্রণালয়ে ওএসডি করা হয়েছে। পদোন্নতির আদেশে বলা হয়, আনোয়ারকে পদোন্নতির পর গত বছরের ১৫ ডিসেম্বর থেকে ধারণাগত জ্যেষ্ঠতা দেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে তিনি বাড়তি কোনো আর্থিক সুবিধা পাবেন না। এ ছাড়া কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে কর্মরত উপসচিব হুমায়ুন কবীর খন্দকারকে প্রধানমন্ত্রীর শিক্ষা, সামাজিক উন্নয়ন ও রাজনীতি বিষয়ক উপদেষ্টা ড. আলাউদ্দিন আহমেদের একান্ত সচিব নিয়োগ করা হয়েছে। পরিকল্পনা বিভাগের উপসচিব আবদুর রহিম ভূঞাকে ভূমি মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে। রাজবাড়ী সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক কাজী হাসিবুদ্দীন আহমেদকে প্রেষণে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে কিউরেটর পদে নিয়োগ করা হয়েছে। অবসর উত্তর ছুটিতে (পিআরএল) থাকা জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের অর্থোপেডিক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. রামদেও রাম কৈরীকে একই পদে দুই বছরের জন্য চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। এজন্য তার পিআরএলের বাকি অংশ বাতিল করা হয়েছে। কেরানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আখতার এবং রাঙামাটির রাজস্থলীর ইউএনও মাহমুদুর রহমান হাবিবকে প্রত্যাহার করে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি সিনিয়র সহকারী সচিব সাইফুল ইসলাম মজুমদারকে ইউএনও নিয়োগের জন্য চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে তাকে ইউএনও হিসেবে উপজেলায় পদায়ন করা হবে। ইউএনও নিয়োগের জন্য বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত সিনিয়র সহকারী সচিব ছামছুল আলমকে কুমিল্লা সিটি কর্পোরেশনের সচিব পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে। বাতিল করা হয়েছে তার ইউএনও নিয়োগের আদেশটি। অন্যদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত সহকারী সচিব মোহাম্মদ উল্যাহকে প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যানের সহকারী একান্ত সচিব নিয়োগ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৯১১ ঘ.