ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলীয় নেতাদের সমালোচনার হাত থেকে বাঁচতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়েছেন মন্ত্রী পরিষদের কয়েকজন সদস্য।
সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয় বলে মন্ত্রিসভার একাধিক সদস্য জানিয়েছেন। প্রধানমন্ত্রী তাদের কথা শুনলেও কোনো পদক্ষেপ নেওয়ার কথা সরাসরি বলেননি।
"তবে প্রধানমন্ত্রী বলেছেন, এ ধরনের ঘটনা অবশ্যই সরকারের জন্য বিব্রতকর। দলের নেতাকর্মীদের এ ধরনের সমালোচনা অবশ্যই বন্ধ করা দরকার", বলেন নাম প্রকাশে অনিচ্ছুক এক মন্ত্রী।
গত কয়েক মাসে সরকারদলীয় বেশ কয়েকজন নেতা ও সংসদ সদস্য সরকারের বিভিন্ন মন্ত্রীর সমালোচনায় মুখর হন।
যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান, বাণিজ্যমন্ত্রী ফারুক খান, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন তাদের মন্ত্রণালয়ের কর্মকাণ্ড নিয়ে সংসদেও তোপের মুখে পড়েন।
সোমবার বৈঠকের নির্ধারিত আলোচনা শেষে পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ এ বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন বলে এক মন্ত্রী জানান। পরে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন ও নৌপরিবহন মন্ত্রীসহ আরো কয়েকজন আলোচনায় অংশ নেন।
পদ্মা সেতু প্রকল্পের দুর্নীতির প্রসঙ্গে যোগাযোগমন্ত্রী বৈঠকে বলেন, পদ্মা সেতুর জন্য এখনো দরপত্রই হয়নি। কাউকে চূড়ান্তভাবে কাজও দেওয়া হয়নি। কেবল দুটি সংযোগ সড়ক (অ্যাপ্রোচ রোড) নির্মাণের কাজ চলছে। তাই এতে দুর্নীতির কোনো সুযোগ নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই মন্ত্রী বলেন, "শাজাহান খান সভায় বলেছেন, আমি মাত্র ছয়বার বিদেশ গিয়েছি। কিন্তু কেউ কেউ বলছেন- আমি নাকি ১৪ বার বিদেশ গিয়েছি। এ রকম খবরের কোনো সত্যতা নেই। শুধু ব্যক্তিগত চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে।"
এসব বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে কিনা- প্রধানমন্ত্রী তা নিয়ে সুনির্দিষ্ট কোনো মন্তব্য করেননি বলে জানান ওই মন্ত্রী।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠকে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী পদে নিয়োগ নিয়েও আলোচনা হয়। এসব শূন্য পদে সরকারিভাবে লোক নিয়োগ না দিয়ে বেসরকারি সংস্থার লোকদের দিয়ে কাজ চালানোর পরামর্শ দেওয়া হয় বলে বৈঠকে উপস্থিত এক মন্ত্রী জানান।
সরকারিভাবে এসব শূন্য পদে লোক নিয়োগ সময়সাপেক্ষ এবং ব্যয়বহুল হওয়ায় অর্থ মন্ত্রণালয় দীর্ঘদিন ধরেই চতুর্থ শ্রেণীর সব পদ এবং তৃতীয় শ্রেণীর কিছু পদে বেসরকারি লোক দিয়ে কাজ চালানোর তাগিদ দিয়ে আসছিল।
মন্ত্রিসভার বৈঠক শেষে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে শিল্পী কল্যাণ তহবিল গঠনের ঘোষণা দিয়েছেন। এ তহবিল থেকে চিকিৎসাসহ বিভিন্ন প্রয়োজনে সহায়তা দেওয়া হবে।
এছাড়া স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক সঙ্গীতশিল্পী অজিত রায়ের মৃত্যুতে শোক প্রস্তাবও গ্রহণ করা হয় মন্ত্রিসভায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৮২৩ ঘ.
bdnews24