গাইবান্ধা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতির নিয়ন্ত্রিত গুদাম থেকে ১৮ বস্তা ত্রাণের চাল উদ্ধার করেছে র্যাব।
রোববার পৌর এলাকার কৃষি বিপণন মার্কেটের (এনসিডিপি) এই গুদামে অভিযান চালানো হয়।
মেয়র হিসেবে এই মার্কেটের চেয়ারম্যান পৌর আওয়ামী লীগ সভাপতি আতাউর রহমান। তিনি এই গুদামটি নিয়ন্ত্রণ করেন।
এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে পুলিশ জানিয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ওসি আবু আক্কাস জানান, অভিযান চলাকালে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল ওয়াহেদ উপস্থিত ছিলেন।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ইউএনও আব্দুল ওয়াহেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, করতোয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে পৌর এলাকাসহ উপজেলার ১০ ইউনিয়ন বন্যা কবলিত হয়ে পড়লে ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণের জন্য ১৮ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়।
উদ্ধার করার পর চালগুলো সরকারি খাদ্য গুদামে রাখা হয়েছে।
এগুলো কালোবাজারে বিক্রির জন্য এই গুদামে মজুত রাখা হয়েছিল বলে জানান ইউএনও।
এ ব্যাপারে গুদামের মালিক পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি আতাউর রহমান বলেন, কালোবাজারে বিক্রির জন্য মজুত রাখার অভিযোগ সঠিক নয়।
তিনি বলেন, এই চাল পৌরসভার ৩ নন্বর ওয়ার্ড কাউন্সিলর মাজেদুল ইসলাম ও ৬ নন্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলমের নামে বরাদ্দ। ঈদের আগে বন্যা দুর্গতদের মাঝে বিতরণ করতে না পারায় এই গুদামে রাখা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪৩ ঘ.
bdnews24