ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরকে সামনে রেখে 'মিথ্যাচার' না করতে রাজনীতিবিদের প্রতি আহ্বান জানিয়েছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান।
রোববার জাতীয় প্রেস ক্লাবে এক গোলটেবিলে ড. মিজান বলেন, "সরকার দেশ বিক্রি করে দিচ্ছে এ ধরনের মিথ্যাচার আপনারা (রাজনীতিবিদ) করবেন না। এসব মিথ্যাচার মানুষ বিশ্বাস করে না। কারণ একটি গোলটেবিল আলোচনায় বসে কে কী বলছে- তাও সবাই গণমাধ্যমের মাধ্যমে জেনে যায়।
"উইকিলিকস অনেক গোপন তথ্য প্রকাশ করছে। তাই আপনারা এ ধরনের মিথ্যাচার করে নিজেদের খাটো করবেন না।"
র্যাবের বিরুদ্ধে ওঠা বিচার-বহির্ভূত হত্যাকাণ্ডসহ মানবাধিকার লঙ্ঘন সংশ্লিষ্ট বিষয়গুলোতে সব সময় সোচ্চার রাষ্ট্রের এই সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের চেয়ারম্যান। নানা ইস্যুতে সরকারের বক্তব্যের সঙ্গে সরাসরি বিভিন্ন সময় তিনি দ্বিমতও পোষণ করেছেন।
অন্যদিকে, বিএনপি-জামায়াত জোট অভিযোগ করে আসছে- ভারতের সঙ্গে গোপন চুক্তির মাধ্যমে সরকার দেশ বিক্রির পাঁয়তারা করছে।
রাষ্ট্রবিজ্ঞান সমিতির আয়োজনে 'ভারত-বাংলাদেশ সম্পর্ক: আস্থা তৈরির প্রথম পদক্ষেপ' শীর্ষক আলোচনায় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, "বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বাংলাদেশকে মিনি পাকিস্তান বানানোর চেষ্টা করা হয়েছিলো। এ কারণে বাংলাদেশ-ভারত সম্পর্ক আর এগোয়নি।"
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, "শুধু কূটনৈতিক সফরের মাধ্যমে দুটি দেশের মধ্যে সম্পর্ক হয় না। পারস্পরিক আস্থার জায়গা তৈরি করতে হবে। এজন্য দুই দেশের জনগণের মধ্যে সুসম্পর্ক গড়ে তুলতে হবে। আর এজন্য দুই দেশের নুতন প্রজন্মকে এগিয়ে আসতে হবে।"
তবে ভারতের সঙ্গে সম্ভাব্য বিভিন্ন চুক্তি সবার সামনে তুলে ধরার আহ্বান জানান ইংরেজি দৈনিক নিউ এজ সম্পাদক নূরুল কবির।
তিনি বলেন, "ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে পাঁচজন মুখ্যমন্ত্রী আসছেন। তারা সবাই একটি দল থেকে নিবার্চিত না হলেও চুক্তির বিষয় সম্পর্কে জানেন। কিন্তু আমাদের দেশের বিরোধী দল তো দূরের কথা, সরকারি দলের অনেক মন্ত্রী-এমপি, এমনকি পররাষ্ট্র দপ্তরের সব কমকর্তা চুক্তির বিষয়ে বিস্তারিত জানেন না।
"দুটি দেশের মধ্যে চুক্তির ক্ষেত্রে এভাবে সমঝোতা করলে নিজেদের স্বার্থ রক্ষা করা যায় না।"
আলোচনায় মূল প্রবন্ধ উপস্থান করেন সাবেক রাষ্ট্রদূত এম. হুমায়ূন কবির।
রাষ্ট্রবিজ্ঞান সমিতির সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিন মোল্লার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক রাষ্ট্রদূত আশফাকুর রহমান, বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক দেলোয়ার হোসেন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/এএল/পিডি/১৮১৪ ঘ.
bdnews24