নেত্রকোনা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় ডাকাতের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। আহত হন পাঁচজন।
শনিবার রাতে নগর ইউনিয়নের ভাগাটিয়া নয়াপাড়া গ্রামে পাঁচটি বাড়িতে ডাকাতি হয়।
নিহত চয়ন সরকার (৩০) ওই গ্রামের মনোরঞ্জন সরকারের ছেলে।
গ্রামবাসীর বরাত দিয়ে খালিয়াজুরী থানার ওসি মো. শহীদুল্লা জানান, শনিবার রাত ৩টার দিকে ২০/২৫ জন সশস্ত্র ডাকাত ট্রলারযোগে গুলি ছুঁড়তে ছুঁড়তে ভাগাটিয়া নয়াপাড়া গ্রামে ঢোকে।
তারা সঞ্জয় সরকার, মনোরঞ্জন সরকার, মতীন্দ্র সরকার, দেবল সরকার ও ভুবন সরকারের বাড়িতে ঢুকে লোকজনকে মারধর ও অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা, ধান-চাল ও স্বর্ণালঙ্কার লুট করে।
চলে যাওয়ার সময় মনোরঞ্জন সরকারের ছেলে চয়ন সরকার বাধা দিলে ডাকাতরা তাকে গুলি করে। এরপর গুলি ছুঁড়তে ছুঁড়তে চলে যায়।
খালিয়াজুরী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক চয়নের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন।
ডাকাতদের মারধরে আহতরা হলেন চান্দু সরকার, ময়না সরকার, যতি সরকার, মতীন্দ্র সরকার ও দেবল সরকার। তাদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, হাওরাঞ্চলে দ্রুতগামী নৌযান না থাকায় অনেক সময় খবর পেয়েও পুলিশের করার কিছুই থাকে না।
জেলা প্রশাসক আনিস মাহমুদ এবং পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) জয়দেব কুমার ভদ্র ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এসপি জয়দেব কুমার ভদ্র সাংবাদিকদের বলেন, ডাকাতদের গ্রেপ্তারের জন্য সবকটি নৌপথে পুলিশ পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮১১ ঘ.
bdnews24