আফসান চৌধুরী
টরন্টো থেকে
টরন্টো, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌন হয়রানি ও হত্যার হুমকির অভিযোগে কানাডার টরন্টোয় গ্রেপ্তার বাংলাদেশি ইমাম মোহাম্মদ মাসরুরের (৪৮) জামিন আবেদন নাকচ করে দিয়েছে সে দেশের আদালত।
গত ১০ অগাস্ট গ্রেপ্তারের পর মাসরুরের বিরুদ্ধে শিক্ষার্থীদের যোৗন হয়রানির ১৩টি অভিযোগ আনে টরন্টো পুলিশ। শনিবার শুনানির পর আদালত তার জামিনের আবেদন নাকচ করে বিচার শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার নির্দেশ দেয়।
টরন্টোর পুলিশ বলছে, ১৯৯০ এর দশকে বাংলাদেশ ছাড়ার পর বিভিন্ন নামে নানা দেশে ঘুরে বেড়িয়েছেন পাঁচ সন্তানের জনক মাসরুর।
২০০৮ সালে কানাডা আসার আগে এই বাংলাদেশি ইমাম জুনায়েদ সালমান নাম নিয়ে হাঙ্গেরি, অস্ট্রিয়া ও ইটালিসহ ইউরোপের বিভিন্ন দেশে অবস্থান করেন। এর আগে আব্দুর রহমান নামে ভারত, কাতার ও সৌদি আরব সফর করেন তিনি। কখনো আবার আব্দুর রহিম নামেও বিভিন্ন দেশ ঘুরেছেন। বিভিন্ন সময়ে অবস্থান করেছেন ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা ও যুক্তরাষ্ট্রেও।
মাসরুরকে গ্রেপ্তারের পর কানাডা পুলিশের কনস্টেবল কারেন আর্মস্ট্রং সাংবাদিকদের জানিয়েছিলেন, ২০০৮ এর ১ নভেম্বর থেকে চলতি বছরের ২৮ জুলাইয়ের মধ্যে অন্তত পাঁচ শিক্ষার্থী এই ইমামের যৌন হয়রানির শিকার হয়েছে। টরন্টোয় বায়তুল মুকাররম ইসলামিক সোসাইটি এবং বিভিন্ন বাসায় কোরআন পড়ানোর সময় তিনি ধর্মীয় নেতা হিসেবে ক্ষমতার অপব্যবহার করেন বলেও পুলিশের পক্ষ থেকে উল্লেখ করা হয়।
তবে তাকে গ্রেপ্তারের পর সেখানকার মুসলিম স¤প্রদায়ের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
মোহাম্মদ আব্দুল হালিম নামে এক প্রবাসী বাংলাদেশি বলেন, "আমি ৮ বছর ধরে এই মসজিদে আসি। মোহাম্মদ মাসরুরকে আমি ভালো মানুষ হিসেবেই জানি। যে অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে তা অবিশ্বাস্য।"
মুসলিম হওয়ার কারণেই মাসরুরকে পুলিশি হয়রানির শিকার হতে হচ্ছে বলেও আশঙ্কা প্রকাশ করেন অনেকে।
এ বিষয়ে আর্মস্ট্রং সাংবাদিকদের বলেন, গ্রেপ্তারের মাধ্যমে কাউকে হয়রানি করা হচ্ছে না। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/জেকে/১২১৮ ঘ.
bdnews24