ফেনী, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মনমোহন সিংয়ের সফরে ভারতের সঙ্গে দেশবিরোধী চুক্তি হলে প্রতিবাদী হওয়ার ঘোষণা দিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের।
বিরোধী দলের হুঁশিয়ার প্রেক্ষাপটে তিনি শনিবার ফেনীতে সাংবাদিকদের বলেন, "ভারতের প্রধানমন্ত্রীর আসন্ন সফরকালে দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা নেই। তবু এমন কিছু হয়ে গেলে আমি নিজেই এর প্রতিবাদ জানাবো।"
দুই দিনের সফরে আগামী ৬ সেপ্টেম্বর ঢাকা আসছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। তার সফরে তিস্তার পানি বণ্টনসহ কয়েকটি চুক্তি হবে বলে আশা করা হচ্ছে।
প্রধান বিরোধী দল বিএনপি হুঁশিয়ারি দিয়েছে, দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি হলে তারা তা প্রতিরোধ করবে।
কাদের বলেন, "আওয়ামী লীগ জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে। দেশবিরোধী কিছু করলে আগামীতে আবার জনগণের জবাবদিহিতার মুখে পড়তে হবে।"
সোনাগাজী উপজেলায় নদী ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন ক্ষমতাসীন দলের এ নেতা।
তিনি বলেন, "ভাঙন কবলিত এলাকায় গিয়ে দেখেছি, তারা খুবই কষ্টে আছে। তাদের মনে কোনো আনন্দ নেই।"
ফেনী জেলা আওয়ামী লীগের নতুন কমিটি শিগগিরই হবে বলে কাদের জানান।
ফেনী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সঙ্গে কাদেরের সঙ্গে ছিলেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজ আহাম্মদ চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমান, ফেনীর পৌর মেয়র নিজাম হাজারী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৪০ ঘ.
bdnews24