২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সীতাকুণ্ডে মসজিদের উছিলায় পাহাড় কাটা হচ্ছে'

পরিবেশ প্রতিমন্ত্রী বলেছেন, চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল লতিফপুরে মসজিদের মাটি কাটার উছিলায় পাহাড় কাটা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2011, 12:56 PM

Updated : 24 Aug 2022, 03:53 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ প্রতিমন্ত্রী বলেছেন, চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল লতিফপুরে মসজিদের মাটি কাটার উছিলায় পাহাড় কাটা হচ্ছে। স্থানীয়রা অভিযোগ করেছে, এর তদারক করছেন আওয়ামী লীগের স্থানীয় নেতা আবুল কালাম। প্রতিমন্ত্রীর পরিদর্শনের সময় পাহাড় কাটায় জড়িত অভিযোগে আটক করা হয় ছয়জনকে। আটকরা হলেন- মো. এনাম (৩০), মো. আবুল কাশেম (৫৫), মো. মাঈনুদ্দিন (১৮), আলী হোসেন (২২), মো. বাবলু (২৫) ও শফি। প্রথম পাঁচজনকে কোদাল ও শাবল দিয়ে মাটি কাটার সময় আটক করা হয়। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে সীতাকুণ্ড থানার জঙ্গল লতিফপুর গ্রামে শাপলা আবাসিক এলাকার পেছনে 'বায়তুস সালাম' নামে একটি মসজিদ সংলগ্ন পাহাড় কাটার জায়গা পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ সময় এলাকাবাসী মন্ত্রীকে জানান, পাশের 'বায়তুস সালাম' মসজিদের স¤প্রসারণ কাজের জন্য মাটি কাটা হচ্ছে, পাহাড় নয়। প্রতিমন্ত্রী হাছান মাহমুদ তাদের বলেন, "মসজিদের নামে পাহাড় দখলে নিয়ে কাটা হচ্ছে।" সরেজমিনে দেখা গেছে, পাহাড়ের ওপর জনবসতিহীন একটি নির্জন এলাকায় টিনের ছাউনি দিয়ে মসজিদটির একমাত্র কক্ষটি নির্মাণ করা হয়েছে। মসজিদের সামনে আরেকটি পাহাড় কেটে প্রায় খাড়া আকারে পরিণত করা হয়েছে। স্থানীয়রা প্রতিমন্ত্রীকে জানান, আলম নামের এক ব্যবসায়ী গত দুই বছর ধরে রাতের আঁধারে খাড়া হয়ে যাওয়া পাহাড়টি কাটছেন। এ সময় হাছান মাহমুদ একই এলাকায় পাহাড় কেটে গড়া পাহাড়িকা আবাসিক এলাকাও পরিদর্শন করেন। তিনি শাপলা আবাসিক এলাকায় পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রামের কর্মকর্তা এবং সাংবাদিকদের নিয়ে ঘটনাস্থলে গেলে মসজিদের মাইক থেকে ঘোষণা দিয়ে পাহাড় কাটায় যুক্তদের রক্ষায় স্থানীয় লোকজনকে এগিয়ে আসার আহবান জানানো হয়। মাইকে ঘোষণার পরপর প্রায় অর্ধশতাধিক বিভিন্ন বয়সের নারী-পুরুষ ঘটনাস্থলে হাজির হয়। তবে মন্ত্রী ও পুলিশের উপস্থিতিতি টের পেয়ে তারা প্রতিমন্ত্রীসহ ওই দলকে কোনো বাধা দেয়নি। আওয়ামী লীগ নেতার ছত্রছায়ায় পাহাড় কাটা আটক পাঁচজন ও স্থানীয়রা, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, পুলিশ ও প্রতিমন্ত্রীকে জানায়, স্থানীয় আবুল কালামের নির্দেশে তারা পাহাড়ের মাটি কাটছেন। এ সময় ঘটনাস্থলের পাশেই মোবাইলে আবুল কালামকে ফোন করার অভিযোগে পুলিশ শফি (৫০) নামে আরো এক ব্যক্তিকে আটক করে। পুলিশের জিজ্ঞাসাবাদে শফি স্বীকার করেন তিনি আবুল কালামকে ফোন করেছেন। এ সময় প্রতিমন্ত্রী পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের বলেন, "যারা মাটি কাটছিল তারা নিতান্তই গরিব মানুষ। তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দিন।" সালাম দিয়ে বললেন তিনি আবুল কালাম এরপর ওই মসজিদ সংলগ্ন এলাকা থকে দক্ষিণ দিকে পাহাড়িকা আবাসিক এলাকা নামে একটি স্থানে পাহাড় কাটা দেখতে যান প্রতিমন্ত্রী। এ আবাসিক এলাকায় প্রবেশের সময় এক ব্যক্তি প্রতিমন্ত্রীকে সালাম দিয়ে বলেন, "আমি আবুল কালাম, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।" এর জবাবে প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী এনায়েতুর রহিম আবুল কালামকে বলেন, "আপনি থাকেন আপনার সঙ্গে কথা আছে।" এরপর থেকে প্রতিমন্ত্রী পাহাড়িকা আবাসিক এলাকা পরিদর্শন ও সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আশেপাশেই ছিলেন আবুল কালাম। আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি উপজেলার ৯ নম্বর জাফরাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমার বাড়ি বরিশাল। তবে ১৯৯৪ সাল থেকেই আমি এখানে বসবাস করি।" তার নির্দেশে পাহাড় কাটা হয় কি না জানতে চাইলে তিনি বলেন, "না না। আমি পাহাড় কাটতে নিষেধ করি।" তিন আবাসিক এলাকার বিরুদ্ধেই মামলা আরেকটি পাহাড়ের ওপর স্থাপিত 'পাহাড়িকা আবাসিক এলাকা'র প্রবেশ পথে একটি সাইনবোর্ডে লেখা আছে, 'বায়না সূত্রে এ জমির মালিক জাকির হোসেন (জাহিদ) ও মো. জাহাঙ্গীর আলম। এখানে পাহাড় কাটার ঘটনা পরিদর্শন শেষে হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, এ আবাসিক এলাকাটি ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকার আমলে সিডিএ'র অনুমোদন পায়। পরে পরিবেশ অধিদপ্তর পাহাড় কাটায় জড়িতদের বিরুদ্ধে মামলা করে। ঘটনাস্থলে উপস্থিত চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিচালক জাফর আলম বলেন, "প্রকল্পটির জন্য দেওয়া চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) অনুমোদন এখনো বাতিল হয়নি।" "পাহাড়িকা, শাপলা ও নন্দন নামের তিন আবাসিক এলাকার বিরুদ্ধেই পাহাড় কাটার অভিযোগে মামলা হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/পিডি/১৮৪৫ ঘ.