২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড়পুকুরিয়া কয়লা খনিতে ধর্মঘট অব্যাহত

চাকরি স্থায়ী করাসহ বিভিন্ন দাবিতে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিকরা শনিবার সকালে আবারো ধর্মঘট শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2011, 12:15 PM

Updated : 24 Aug 2022, 03:53 PM

দিনাজপুর, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাকরি স্থায়ী করাসহ বিভিন্ন দাবিতে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিকরা শনিবার সকালে আবারো ধর্মঘট শুরু করেছে। ঈদের কারণে ২৮ অগাস্ট থেকে ছয়দিন ধর্মঘট স্থগিত ছিল বলে শ্রমিক নেতারা জানান। এই খনির এক হাজারের বেশি শ্রমিক গত ২৩ অগাস্ট অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করলে কয়লা উত্তোলন বন্ধ হয়ে যায়। খনি কর্তৃপক্ষে সঙ্গে শ্রমিকদের দুইদফা আলোচনা হলেও কোনো সমঝোতা হয়নি। বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম জানান, খনি কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা না হওয়ায় পাঁচদিন ধর্মঘট করার পর ঈদের কারণে তা স্থগিত করা হয়েছিলো। ঈদের পর অফিস খোলার দিন শনিবার থেকে আবার কমসূচি যথারীতি অব্যাহত রাখা হলো। অনির্দিষ্টকালের ধর্মঘট চলবে। ধর্মঘটের সমর্থনে শ্রমিকরা সকাল থেকেই খনির ফটক ও আশপাশের এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। রবিউল আরো জানান, এক্সএমসি'র অধীনে ১ হাজার ৮৬ জন শ্রমিক সরাসরি কয়লা তোলার সঙ্গে জড়িত। এছাড়া বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) অধীনে রয়েছে আরো ২২৬ জন শ্রমিক। বিসিএমসিএল'র শ্রমিকরা পে-স্কেলভিত্তিক বেতন-ভাতা পেলেও এক্সএমসি'র শ্রমিকরা সে সুবিধা থেকে বঞ্চিত। এই শ্রমিক নেতা বলেন, ২৪ অগাস্ট খনি কর্তৃপক্ষ আলোচনার মাধ্যমে শ্রমিকদের বেতন ১০ ভাগ বৃদ্ধি করে। কিন্তু এ ব্যাপারে কোনো লিখিত দেয়নি কর্তৃপক্ষ। তাছাড়া বর্ধিত শতকরা ১০ ভাগ বেতন খনি কর্তৃপক্ষকেই পরিশোধ করতে হবে বলে দাবি করছে শ্রমিকরা। তাতেও খনি কর্তৃপক্ষ রাজি হয়নি। বিসিএমসিএল'র মহাব্যবস্থাপক কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্রমিকদের সব দাবি মেনে নেওয়া হয়েছে। এরপর নতুন করে তারা আরো দাবি জানিয়ে ধর্মঘট অব্যাহত রখেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮০০ ঘ.