টাঙ্গাইল, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হন একজন।
শুক্রবার সন্ধ্যায় গোবিন্দাসী বাজারে এ হামলায় নিহত হন বামনহাটা গ্রামের আব্দুস সালামের ছেলে আল মুজাহিদ (২০)। আহত মাসুদকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
ভুয়াপুর থানার ওসি মো. হারিজ আলী মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাজারের একটি চায়ের দোকানে চা খাচ্ছিল আল মুজাহিদ ও তার কয়েকজন বন্ধু।
ওই সময় দুর্র্বৃত্তরা মুজাহিদ ও তার বন্ধু মাসুদকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই মুজাহিদের মৃত্যু হয়।
তবে কী কারণে এ হত্যাকাণ্ড হয়েছে তা পুলিশ জানাতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩৯ ঘ.
bdnews24