সিরাজগঞ্জ, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মারধর, লুটপাট এবং নগ্ন ছবি তুলে ব্ল্যাকমেইলের অভিযোগে সিরাজগঞ্জ শহর থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার বিকালে গ্রেপ্তার মো. সুমন (২৮) শহরের জানপুর মহল্লার বাসিন্দা।
এ ঘটনায় শুক্রবার সকালে সাতজনকে আসামি করে একটি মামলা হয়েছে। এ মামলায় সুমনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে।
র্যাব-১২ এর ক্যাম্প কমান্ডার রবিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঈদের দুইদিন আগে শহরের মাছিমপুর মহল্লার আরিফুল ইসলাম ও বনবাড়িয়া এলাকার ওবায়দুল ইসলামকে এবং বৃহস্পতিবার জনতা ব্যাংক সিরাজগঞ্জের বাগবাটি শাখার ব্যবস্থাপক মো. কোরবান আলীকে আটকে নগ্ন ছবি তুলে চাঁদা দাবি করে কয়েকজন যুবক।
এ ঘটনায় সুমন নামের একজনকে গ্রেপ্তার করে সিরাজগঞ্জ থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
এ ব্যাপারে ওবায়দুল ইসলাম জানান, আরিফুল ইসলামসাহ তাকে ঘোষপাড়ার একটি বাড়িতে আটকে মারধর করে এবং তাদের নগ্ন ছবি তোলে জাহাঙ্গীর হোসেন, তাবারক, রতন, সুমন ও লিটন।
ওই সময় তাদের কাছ থেকে ২১ হাজার টাকা ও একটি মোবাইল ফোন সেট ছিনিয়ে নেয় এবং দুই লাখ টাকা চাঁদা দাবি করে ছেড়ে দেয়।
চাঁদার দুই লাখ টাকা না দিলে ওই নগ্ন ছবি ইন্টারনেট ও মিডিয়ায় প্রকাশ করার হুমকি দেয়।
এরপর তারা বিষয়টি র্যাবকে জানান।
জনতা ব্যাংকের ব্যবস্থাপক মো. কোরবান আলী জানান, বৃহস্পতিবার দুপুরে জাহাঙ্গীর হোসেন, তাবারক, রতন, সুমন ও লিটন দু'জন পতিতাকে তার ঘরে নিয়ে জোরপূর্বক তার সঙ্গে নগ্ন ছবি তোলে। এর আগে তাকে মারধর করে বলেও তিনি জানান।
এ সময় তারা আলমারি থেকে ১০ হাজার টাকা, তিন ভরি স্বর্ণালঙ্কার, দুইটি ক্যামেরা, দুইটি মোবাইল ফোন সেট এবং প্রতিটিতে দুই লাখ টাকা করে ব্যাংকের দুইটি চেক লিখে নিয়ে যায়।
আরো ১০ হাজার টাকার জন্য বিকালে আসবে বলে জানিয়ে যায়।
কোরবান আলী আরো জানান, বিষয়টি তিনি র্যাবকে জানান। বিকালে সুমন ও রতন গিয়ে টাকা চাইলে আগে থেকে অবস্থান নেওয়া র্যাব সদস্যরা সুমনকে আটক করে। তবে রতন পালিয়ে যেতে সক্ষম হয়।
সিরাজগঞ্জ থানার পরিদর্শক বাসুদেব সিনহা জানান, জানপুর মহল্লার লোকজন বিচারের আশ্বাস দেয়ায় ভুক্তভোগীরা বৃহস্পতিবার রাতে মামলা করতে পারেনি।
শুক্রবার সকালে ব্যাংক কর্মকর্তা কোরবান আলী বাদী হয়ে মারধর, লুটপাট এবং নগ্ন ছবি তুলে ব্ল্যাকমেইলের অভিযোগে সুমনসহ সাতজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। দুপুরে আদালতে হাজির করলে সুমনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৩০ ঘ.
bdnews24