২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ফারুকের মেয়ের কারখানায় ডাকাতি

বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুকের মেয়ের গাজীপুরের একটি পোশাক কারখানায় ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2011, 05:07 AM

Updated : 24 Aug 2022, 03:52 PM

গাজীপুর, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুকের মেয়ের গাজীপুরের একটি পোশাক কারখানায় ডাকাতি হয়েছে। সদর উপজেলার ভবানীপুরের ওই কারাখানায় শুক্রবার ভোররাতে ডাকাতি হয় বলে পুলিশ জানিয়েছে। ডাকাতির বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ কারখানার আট জন প্রহরীকে আটক করেছে। তামান্না ফারুক সীমার ওই কারখানার নাম 'বিজি কালেকশন'। তার বাবা ফারুক বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন। কারখানাকর্মীদের উদ্ধৃতি দিয়ে গাজীপুর (সদর সার্কেলের) সহকারী পুলিশ সুপার মো. আবুল হোসেন সাংবাদিকদের জানান, কারখানার দক্ষিণের খোলা জায়গা দিয়ে প্রথমে ১০-১২ জন ও পরে আরো ২৫-৩০ জন ডাকাত ভেতরে ঢুকে অস্ত্রের মুখে নিরাপত্তা কর্মীদের হাত-পা বেঁধে ফেলে। রাত ৩টা থেকে ভোর সোয়া ৫টা পর্যন্ত ডাকাত দল বেশ কিছু মালামাল একটি গাড়িতে তুলে তা নিয়ে পালিয়ে যায় বলে কারখানাকর্মীরা পুলিশকে জানিয়েছে। নিরাপত্তাকর্মীদের চিৎকার শুনে এলাকাবাসী তাদের উদ্ধার করে, তবে তখন ডাকাতরা ছিলো না। পুলিশ কর্মকর্তা হোসেন বলেন, লুণ্ঠিত মালামালের বিষয়ে নিরাপত্তাকর্মীদের সঙ্গে কারখানা কর্মকর্তাতেদর বক্তব্যে হেরফের রয়েছে। কারখানার সিনিয়র মার্চেন্টাইজার গোলাম রসুল সান্টু সাংবাদিকদের বলেন, ফেব্রিক্স, ল্যাপটপ ও নগদ টাকাসহ অন্যান্য মালামাল লুট হয়েছে। তবে তালিকা তৈরির পর প্রকৃত পরিমাণ বলা যাবে। পুলিশের ধারণা এ ডাকাতির সঙ্গে নিরাপত্তাকর্মীদের যোগসাজশ রয়েছে। তাই নিরাপত্তাকর্মী আলাউদ্দিন, নুরুল ইসলাম, আ. রশিদ, কামরুল ইসলাম, শাহজাহান মিয়া, জসিম উদ্দিন, কাসেম ও আজিজুল হককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে এএসপি হোসেন জানান। ঘটনাস্থল থেকে গরু জবাই করার তিনটি বড় নতুন ছোরা উদ্ধার করেছে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১০০ ঘ.